নিজের বাড়িতে বসেই ভেজাল পণ্য তৈরি করেন মঞ্জুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরলের মঞ্জুরুল ইসলাম দীর্ঘদিন ধরেই বাজারের প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের নকল আটা, তেল, এনার্জি ড্রিংক বিক্রি করছেন। ছবি: এ এস এম আলমগীর
দিনাজপুরের বিরলের মঞ্জুরুল ইসলাম দীর্ঘদিন ধরেই বাজারের প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের নকল আটা, তেল, এনার্জি ড্রিংক বিক্রি করছেন। ছবি: এ এস এম আলমগীর

বাজারে পরিচিত বিভিন্ন ব্র্যান্ডের আটা, চিনি ও তেলের প্যাকেটে ভেজাল পণ্য ঢুকিয়ে বিক্রি করে আসছিলেন দিনাজপুরের বিরলের মঞ্জুরুল ইসলাম (৩২)। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ধরা পড়েছেন তিনি। ভেজাল পণ্য তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঞ্জুরুলকে দেওয়া হয়েছে ছয় মাসের কারাদণ্ড।

স্থানীয় লোকজন জানান, অনেক দিন ধরেই নকল বিভিন্ন পণ্য বিক্রির ব্যবসা করেন মঞ্জুরুল ইসলাম। বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির চাকরি করেছেন। এ সময় বিভিন্ন ভেজাল পণ্য তৈরির পদ্ধতি রপ্ত করে ফেলেন তিনি। বাড়িতে বসেই বাজারে প্রচলিত পণ্যের নকল করতে শুরু করেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মঞ্জুরুলকে আটক করেন ইউএনও এ বি এম রওশন কবীর।

মঞ্জুরুল ইসলাম উপজেলার শহরগ্রাম ইউনিয়নের আবদুস সামাদের ছেলে।

ইউএনও রওশন কবীর বলেন, মঞ্জুরুলের বাড়িতে বিভিন্ন ধরনের নকল ও ভেজাল পণ্য তৈরির খবর পান তিনি। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল পণ্য তৈরির সময় মঞ্জুরুলকে আটক করা হয়। বাড়িতে ছোটখাটো একটি কারখানা করে বিভিন্ন কোম্পানির আটা, সরিষার তেল, চাল, চিনি, নিষিদ্ধ এনার্জি ড্রিংকসসহ ১৬ ধরনের নকল ও ভেজাল পণ্য তৈরি করতে দেখা যায়। মঞ্জুরুল বিএসটিআইয়ের বিভিন্ন ধরনের কাগজ জাল করেছেন। তাঁর তৈরি ভেজাল পণ্য ধ্বংস করে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিরল থানায় আটক মঞ্জুরুল বলেন, প্রায় এক বছর ধরে তিনি এসব ভেজাল পণ্য তৈরি ও বাজারে বিক্রি করছেন।

তবে স্থানীয় অনেকে বলেন, মঞ্জুরুল দীর্ঘ দিন থেকে ভেজাল পণ্য তৈরির কাজ করছেন।