নিজের বিয়ের খবর জানে না মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনের চালার ছোট্ট ঘরে মাটির মেঝেতে হোগলার ওপর বসে কুপি জ্বালিয়ে একমনে পরীক্ষার পড়া তৈরি করছে মেয়েটি। সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আজ সোমবার তার চূড়ান্ত পরীক্ষা শুরু। পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করছে সে। অথচ সে এখনো বুঝতে পারেনি, গত বুধবার সন্ধ্যায় তার বিয়ে হয়ে গেছে।ওই দিন সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে জানতে চাইলে লজ্জায় মুখ নিচু করে মেয়েটি বলে, এ ব্যাপারে সে কিছুই জানে না। বুধবার বাড়িতে লোকজন এসে তার হাতে আংটি পরিয়ে দিয়েছে। এর পর থেকে বাড়ির আশপাশের লোকজনের উৎসাহ বেড়ে গেছে। তাদের ঘরে ভিড় করছে, উঁকিঝুঁকি মারছে। এখন কীভাবে সে তার সহপাঠীদের মুখ দেখাবে! এর জন্য তার খুব লজ্জা লাগছে। পটুয়াখালী জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে মেয়েটির বাড়ি। বাবা কৃষিশ্রমিক, মা গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে সে মেজ। স্থানীয় সূত্র জানায়, দরিদ্র বাবা মেয়েকে পার্শ্ববর্তী খাসের হাট গ্রামের রশিদ মাতব্বরের ছেলে কৃষক আল-আমিনের সঙ্গে বিয়ে দিয়েছেন বুধবার সন্ধ্যায়। এক হাজার টাকা মোহরানায় এ বিয়ে পড়ান মক্তবের শিক্ষক (প্রাক প্রাথমিক মাদ্রাসাশিক্ষা) আবদুল মতিন। আবদুল মতিন বলেন, ‘বর ও কনেপক্ষের লোকজন উপস্থিত ছিল। বর প্রাপ্তবয়স্ক, কনে আমি দেখিনি।’বিয়ের অনুষ্ঠানে উপস্থিত প্রতিবেশী আবদুস ছাত্তার জানান, বিয়েতে উভয় পক্ষের অন্তত ৪০ জন উপস্থিত ছিল। বিয়ে শেষে অতিথিদের কনের বাড়িতে আপ্যায়ন করা হয়। স্থানীয় ইউপি সদস্য আলী আসগর জানান, এখনো বিয়ের নিবন্ধন হয়নি। মেয়েটির মা জানান, দীর্ঘদিন ধরে বরপক্ষের লোকজন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। মেহমান নিয়ে বুধবার রাতে তারা বাড়িতে আসে। আপ্যায়ন করার পর মেয়েকে আংটি পরিয়ে দিয়ে গেছে।বড়বিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছাত্তার প্রথম আলোকে জানান, লেখাপড়ায় মেয়েটির খুব আগ্রহ, সে মেধাবীও। বাল্যবিবাহের বিষয়টি তিনি জানতেন না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।