নিজের বোমায় প্রাণ গেল ডাকাতের
মেহেরপুরে ডাকাতি করতে গিয়ে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণে প্রাণ গেছে এক ডাকাতের। বোমায় তার মুখমণ্ডল ঝলসে গেছে। তার নাম-পরিচয় জানা যায়নি। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর সাজিপাড়ায় আবদুল জলিলের বাড়িতে ডাকাতি করার সময় এ ঘটনা ঘটে।
ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে আহত হয়েছেন বাড়ির মালিক আবদুল জলিল (৪৮) ও তাঁর ছেলে মাসুদ আলী (২০)। মেহেরপুর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী শামস উদ্দিন শেখ জানান, রাত দেড়টার দিকে ১৫-২০ জন ডাকাত প্রথমে জলিলের বাড়িতে ঢুকে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে। এ সময় আশপাশের মানুষের চিৎকারে গ্রামের লোকজন ডাকাতদের প্রতিরোধ করতে যায়।
প্রতিরোধের মুখে পালানোর সময় এক ডাকাত হোঁচট খেয়ে পড়ে গেলে তার কাছে থাকা বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। অন্য ডাকাতরা এ সময় আতঙ্ক সৃষ্টির জন্য গ্রামবাসীকে লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ে। এতে ওই দুজন আহত হন।