নিজের ভাষা ও সংস্কৃতি না জানলে পূর্ণাঙ্গ মানুষ হওয়া অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য ভালোভাবে না জানলে, গভীরভাবে অনুভব না করলে কারও পক্ষে পূর্ণাঙ্গ মানুষ হওয়া সম্ভব নয়। এ কারণেই বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাংলা ভাষা ও সংস্কৃতি ভালোভাবে জানতে হবে।‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ভাষার ব্যবহার’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গতকাল বৃহস্পতিবার এ সেমিনারের আয়োজন করে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। বিশ্ববিদ্যালয় পর্যায়েও পড়াশোনার মাধ্যমের কথা বলা আছে বাংলা। তবে প্রয়োজনে ইংরেজিতে পড়ানো যাবে এমন কথা বলা আছে। কিন্তু এখন ইংরেজিই বেশির ভাগ জায়গায় মাধ্যম হয়ে গেছে। কিন্তু প্রত্যেকেরই বাংলা ভাষা ভালোভাবে শেখা উচিত।ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য রফিকুল ইসলাম বলেন, স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা ভুল বাংলা শিখে বিশ্ববিদ্যালয়ে আসছে। শিক্ষকেরাও শুদ্ধ বাংলা উচ্চারণ করতে পারছেন না। তিনি বলেন, শিক্ষার্থী যে বিভাগেই লেখাপড়া করুক, বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে একটি কোর্স থাকা উচিত।সেমিনারের মূল প্রবন্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক বলেন, ‘বিশ্ববিদ্যালয় তথা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিয়ে এখনো আমরা সংশয়মুক্ত হতে পারিনি। এখনো প্রশ্ন ওঠে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা দেওয়ার মতো শক্তি এবং শব্দসম্ভার বাংলা ভাষার আছে কি না।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা প্রয়োগের ক্ষেত্রে বাংলা ভাষার যে দুর্বলতার কথা বলা হচ্ছে, সে দুর্বলতা ভাষার নয়, জ্ঞানের।আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল বাকির, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সানজিদা আক্তার এবং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকিমুন রহমান।