নিজের ভাষায় পড়তে চায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালার নন্দেশ্বর কার্বারিপাড়ায় একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষায় পড়ছে আদিবাসী শিশুরা  প্রথম আলো
দীঘিনালার নন্দেশ্বর কার্বারিপাড়ায় একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষায় পড়ছে আদিবাসী শিশুরা প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম গ্রাম নন্দেশ্বর কার্বারিপাড়া। পাড়ার ভেতরেই একটা প্রাক-প্রাথমিক বিদ্যালয়; নাম শতরক ফুল অংকুর প্রি-প্রাইমারি স্কুল। বিদ্যালয়ে ঢুকতেই দেখা গেল ১৫ জন শিক্ষার্থী দাঁড়িয়ে চাকমা ভাষায় শপথ নিচ্ছে। পাশের শ্রেণীকক্ষ থেকে ভেসে আসছে শিশুদের সম্মিলিত কণ্ঠে পড়ার শব্দ। শিশুরা পড়ছিল, ‘আয় আয় চানান, সোনার চিজি ঘুম ন যায়’ (আয় আয় চাঁদ, সোনামনির চোখে ঘুম নেই)।
নন্দেশ্বর কার্বারিপাড়ার মতো দিঘীনালা উপজেলার ৩৭টি গ্রামের আদিবাসী শিশুরা তাদের মাতৃভাষায় পড়ছে। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ও বেসরকারি সংস্থা জাবারাং কল্যাণ সমিতি পরিচালনায় মাতৃভাষায় শিশুদের শিক্ষার এই প্রকল্প চলছে ২০০৭ সালের জানুয়ারি থেকে। তবে ৩১ ডিসেম্বর এই প্রকল্প শেষ হতে চলেছে। প্রকল্পের মেয়াদ না বাড়ালে মাতৃভাষায় শিক্ষা থেকে বঞ্চিত হবে দিঘীনালার আদিবাসী শিশুরা।
নন্দেশ্বর কার্বারিপাড়ার শতরক ফুল অংকুর প্রি-প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষিকা মমতা চাকমা বলেন, পাড়ার আদিবাসী শিশুরা চার বছর বয়স থেকে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে যায়। শিশুদের বিদ্যালয়ে যাওয়ার আগ্রহও আগের তুলনায় বেড়েছে। তবে মাতৃভাষায় পাঠদান বন্ধ হলে শিশুরা উৎসাহ হারিয়ে ফেলবে। ওরা নিজের ভাষায় পড়া চালিয়ে যেতে চায়।
জাবারাং কল্যাণ সমিতির কর্মকর্তারা জানান, শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এই সংস্থার উদ্যোগে দীঘিনালায় ৩৭টি, পানছড়িতে ২৯টি ও খাগড়াছড়ি সদরে ৩৪টি গ্রামের ১০০ বিদ্যালয়ে চাকমা, ত্রিপুরা ও মারমা ভাষায় শিশুদের দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে। ২০০৭ সালে এই কার্যক্রম শুরু হয়।
চাকমা ভাষা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আনন্দ মোহন চাকমা বলেন, নিজস্ব জাতির বর্ণমালার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে পরিচিত করাতে মাতৃভাষায় পাঠদানের বিকল্প নেই। ক্ষুদ্র জাতিসত্তার ভাষা টিকিয়ে রাখার জন্য এটা করতেই হবে। দুর্গম অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনা করে প্রকল্পের মেয়াদ বাড়ানো প্রয়োজন।
মাতৃভাষায় প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের কর্মসূচি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যুৎ জ্যোতি চাকমা। তিনি বলেন, ‘আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা দিতে আমরা অনেক দুর্গম এলাকায় গিয়েছি। চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার বহু ছড়া সংগ্রহ করতে হয়েছে।’ শিশুর ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প সমন্বয়ক বিনোদন ত্রিপুরা বলেন, ‘২০০৬ সাল থেকে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করে। ২০০৭ সাল থেকে মাতৃভাষায় শিশুদের পাঠদান করা হচ্ছে। খেলার ছলে গান ও ছড়ার মাধ্যমে শিশুদের নিজ ভাষার বর্ণমালার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। জেলায় ৫৫টি চাকমা ভাষার, ৪০টি ত্রিপুরা ভাষার ও ৫টি মারমা ভাষার বিদ্যালয় রয়েছে। আমাদের প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। তবে মেয়াদ বাড়ানো যায় কি না সে ব্যাপারে আলোচনা চলছে।’