নিজের ভোটও পাননি তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভায় দুজন মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীসহ ১৬ জনের জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে এক কাউন্সিলর প্রার্থী কোনো ভোটই পাননি।
গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে পৌরসভার নয়টি ওয়ার্ডে ২০ হাজার ৬৪১ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৯৯০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, প্রয়োগকৃত মোট ভোটের আট ভাগের এক ভাগ কোনো প্রার্থী না পেলে তাঁর জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। এ হিসাবে জামানত বাজেয়াপ্ত হওয়া দুই মেয়র প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পার্টির (আম প্রতীক) প্রার্থী মো. আবুল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী মো. এমরান কামাল। আবুল হোসেন পেয়েছেন ৭৬ ভোট। এমরান পেয়েছেন ৬২২ ভোট।
এ ছাড়া সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) মোছা. নুরননাহার ও মোছা. মমতা বেগম এবং সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) মোছা. লুৎফুন ইসলাম জামানত হারিয়েছেন।
আর কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, মো. আবদুল হাদী, মো. ফজলুর রহমান ও মো. হায়দার আলী প্রামাণিক; ৩ নম্বর ওয়ার্ডে বিধান কুমার ঘোষ ও মো. ফেরদৌস জামান সরকার; ৪ নম্বর ওয়ার্ডে মো. গোলাম রব্বানী ও মো. সুলতান; ৫ নম্বর ওয়ার্ডে মমিন আহমেদ; ৬ নম্বর ওয়ার্ডে মো. আবদুল হাকিম এবং ৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান জামানত হারিয়েছেন।
‘শূন্য’ ভোট পাওয়া ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবদুল হাকিম বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী অন্য এক প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। সেই প্রার্থীর পক্ষে তিনি নির্বাচনী প্রচারণাও চালান। এ জন্য তিনি নিজের ভোটও ওই প্রার্থীকে দিয়েছেন।