নিজের ভোটটি কোথায় গেল?
নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেননি। বরং প্রচারণা চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। তবে ভোট শেষে ফলাফল শূন্য। গত শনিবার ষষ্ঠ ধাপের নির্বাচনে নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. আমজাদ হোসেন একটি ভোটও পাননি।
আমজাদ হোসেন দাবি করেন, ‘মোরগ প্রতীকে নিজেই সিল মেরেছিলাম। এ ছাড়া পরিবারে সদস্য ও আত্মীয়স্বজনের মধ্যে অন্তত ১৫ জন ভোট দেওয়ার অঙ্গীকার করেছিলেন। কেন এমনটা হলো বুঝতে পারছি না।’
বদলগাছি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বালুভরা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আপেল প্রতীক নিয়ে মাহবুব আলম ৮২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের মো. আইয়ুব হোসেন। তিনি পেয়েছেন ৭৪৬ ভোট। তবে মোরগ প্রতীকে মো. আমজাদ হোসেন একটি ভোটও পাননি।