নিজের রাইফেলের গুলিতে আনসার সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে গত সোমবার রাতে দায়িত্ব পালন করার সময় নিজের রাইফেলের গুলিতে শরীফুল ইসলাম নামের এক আনসার সদস্য গুলিবিদ্ধ হন। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীফুলের মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহম্মেদ গতকাল প্রথম আলোকে বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আনসার সদস্য শরীফুলের (৩৮) রাইফেল থেকে গুলি বের হয়ে তাঁর থুতনি দিয়ে চোয়ালে আটকে যায়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। শরীফুলের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোপাল রায় গ্রামে।