নিজের লেখা বইয়ে নির্যাতনের কথা 'বাংলাদেশি' নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু ভালো করে বাঁচার খোঁজে কাজের আশায় ‘বাংলাদেশি’ এক নারী চলে গিয়েছিলেন ভারতের কেরালা রাজ্যে। কয়েক মাস আগের ঘটনা এটি। তবে চাকরি খুঁজতে গিয়ে তিনি পড়ে যান দালালের খপ্পরে। এরপর দুঃসহ অভিজ্ঞতা তাঁর। একপর্যায়ে তিনি ধর্ষণেরও শিকার হন।
একসময় পালিয়ে আসেন সেই খপ্পর থেকে। তবে সেই নির্যাতন, দুঃসহ জীবনের অভিজ্ঞতাকে তুলে ধরেছেন সেই নারী, নিজের লেখা বইয়ে।
মালয়ালাম ভাষায় প্রকাশিত সে বই, নাজান ইন্না মুরিভা গত শনিবার প্রকাশিত হয়েছে কেরালার কোজিকোড়ে। খবর ওয়ান ইন্ডিয়া ও ডেকান ক্রনিকলের।
দেহ ব্যবসায় দালাল চক্রের হাত থেকে মুক্তি পেয়ে তিন সন্তানের মা ওই ‘বাংলাদেশি’ নারী রাজ্য সরকার পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে যান। ওই আশ্রয়কেন্দ্রে থেকেই তিনি লেখেন কবিতা ও গল্প, আঁকেন ছবি। এ সবেরই উপজীব্য তাঁর বন্দিজীবনের অভিজ্ঞতা। কাজের খোঁজে আসা, দালালদের খপ্পরে পড়া, সেখান থেকে পালিয়ে আসা—এসবই উঠে এসেছে বইয়ে।
নিগৃহিত নারীদের নিয়ে কাজ করা স্থানীয় একটি এনজিও ‘আর্ম আব জয়’ একপর্যায়ে ওই নারীর এমন কাজের সন্ধান পায়। তারা বইটি প্রকাশ করে। ৮০ পৃষ্ঠার বইটিতে আছে ১৮টি কবিতা, ২০টি আঁকা ছবি এবং একটি গল্প। ‘ছায়া’ ছদ্মনাম ব্যবহার করে
বইটি প্রকাশিত হয়েছে। ‘নাজান ইন্না মুরিভা’ শব্দের অর্থ ‘আহত আমি’। আর্ম অব জয়ের কর্মকর্তা অনুপ জি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘ওই নারী তাঁর মাতৃভাষা বাংলায় কবিতা ও গল্প লেখেন। সেগুলো ইংরেজিতে অনুবাদের পর আবার তা মালয়ালাম ভাষায় অনুবাদ করা হয়। ওই নারী যাতে তাঁর আস্থা ফিরে পান এবং আরও লিখতে উদ্বুদ্ধ হন, সে জন্যই বইটি প্রকাশ করেছি।’
গত শনিবার কোজিকোড় টাউন হলে বইটির উদ্বোধন করেন লেখক এম এন কারাসেরি। কেরালা ললিতকলা একাডেমির গ্যালারিতে চলছে ওই নারীর চিত্র প্রদর্শনী।
৩৪ বছর বয়সী ওই নারীকে নিগ্রহের ঘটনায় এ পর্যন্ত পুলিশ এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।