নিজের শটগানে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবল নিহত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান শেষে ফিরে আসার সময় রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির এক কনস্টেবল নিজের শটগানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কৈখালী ফরেস্ট ক্যাম্প-সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত কনস্টেবল মিয়ারাজ হোসেনের (৩২) বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।
সুন্দরবনের রামনগর নৌ পুলিশ ফাঁড়ির প্রধান উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাশ বলেন, বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের বসুখালী খালে অভিযানে যায় বিজিবি ও নৌ পুলিশের সদস্যদের নিয়ে গঠিত যৌথ বাহিনীর একটি দল। সেখান থেকে বনদস্যুদের কবল থেকে একটি নৌকা ও চারজন জেলেকে উদ্ধার করে সন্ধ্যায় ফিরে আসে তারা। উদ্ধার করা ব্যক্তিদের কৈখালী ফরেস্ট কার্যালয়ে সোপর্দ করে ফেরার পথে ট্রলারে উঠছিলেন কনস্টেবল মিয়ারাজ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের শটগানের ওপর ভর করে ওপরে উঠছিলেন তিনি। হঠাৎ ওই শটগান থেকে গুলি বের হয়ে তাঁর বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত সোয়া আটটার দিকে চিকিৎসক আনিছুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল মান্নান বলেন, গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। পরে রাজশাহীর চারঘাট উপজেলায় লাশ পৌঁছে দেওয়া হয়েছে।