নিজের শটগানের গুলিতে কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা
রাজধানীর গুলশান ১ নম্বরে গত শনিবার গভীর রাতে শটগানের গুলিতে আহত হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল মো. মঞ্জুরুল ইসলাম (২৩)। পুলিশ জানিয়েছে, মঞ্জুরুল আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে গুলশান ১ নম্বরে ব্রিজের কাছে উত্তরার ১ নম্বর এপিবিএনের তিনজন সদস্য নিরাপত্তাচৌকি বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। তাঁদেরই একজন কনস্টেবল জাহিদ হোসেন বলেন, রাত আড়াইটার দিকে হঠাৎ গুলির শব্দে তিনি ফিরে দেখেন তাঁর সহকর্মী মঞ্জুরুল গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। মঞ্জুরুলের থুতনিতে গুলি লাগে।
গুলশান থানার এসআই ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ওসি সিরাজুল ইসলাম ঘটনাস্থল থেকে মঞ্জুরুলকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর থুতনিতে অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে তাকে মিরপুর ১৪ নম্বরে ডেন্টাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মঞ্জুরুল শটগানের গুলিতে আত্মহত্যা করতে চেয়েছিলেন।