নিজের শরীরে ব্যাটারির পানি ঢেলে প্রতিপক্ষের বিরুদ্ধে অ্যাসিড মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় নিজেই নিজের শরীরে ব্যাটারির পানি ঢেলে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করার অভিযোগ পাওয়া গেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে।
ওই সিএনজিচালিত অটোরিকশাচালক রওশন শেখ উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদী গ্রামের বাসিন্দা। কথিত অ্যাসিড নিক্ষেপের ঘটনায় আহত রওশন শেখের স্ত্রীর দায়ের করা অ্যাসিড অপরাধ দমন আইনের মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন রওশনের আপন দুই ভাই। গতকাল সোমবার বিকেলে এই আবেদন করা হয়।
লিখিত আবেদনে কথিত অ্যাসিড নিক্ষেপের শিকার রওশন শেখের দুই ভাই রতন শেখ ও কুদ্দুস শেখ দাবি করেন, বাড়ির পাশের জমি কেনাবেচা নিয়ে তাঁদের ভাই অটোরিকশাচালক রওশন শেখের সঙ্গে একই গ্রামের মৃত পাচু মাতুব্বরের ছেলে আকাদ্দেস মাতুব্বরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে ৮ মার্চ রওশন শেখ নিজেই নিজের শরীরে ব্যাটারির পানি ঢেলে আহত হন। এ ঘটনায় ১০ মার্চ প্রতিপক্ষের ১২ জনকে আসামি করে রওশন শেখের স্ত্রী রওশনারা বাদী হয়ে সালথা থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেন। এজাহারে অন্তর্ভুক্ত আসামিদের এ ঘটনায় নিরপরাধ দাবি করে রতন শেখ ও কুদ্দুস শেখ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।
তবে দুই ভাইয়ের এই দাবি নাকচ করে দিয়ে রওশনের মেয়ে সাবিনা আক্তার বলেন, ‘আমার ওই দুই চাচার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না। তাঁরা আসামিদের সঙ্গে হাত মিলিয়ে এ ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন।’ তিনি আরও বলেন, ‘আমার বাবার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, ‘মামলার তদন্ত চলছে। পুলিশ সুপারের কাছে দুই ভাই এ-জাতীয় আবেদন করেছেন কি না, তা আমি জানি না। তবে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গত শুক্রবার প্রথম আলোর ৯ নম্বর পাতায় ‘চালককে ঝলসে দেওয়ার অভিযোগ’ শিরোনামে এ-সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়।