নিজের সব অর্জন দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের সব অর্জন দেশবাসীকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি যা কিছুই অর্জন করেছেন, তা সম্ভব হয়েছে দেশে এবং দেশের বাইরে বসবাসকারী সব বাংলাদেশির অংশগ্রহণের কারণে। তাদের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় লন্ডনের ব্রুক স্ট্রিটের হোটেল ক্লারিজেসে বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা দেশে আরও বেশি করে, বিশেষ করে কৃষি প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। খবর বাসসের।
প্রথম আলোর লন্ডন প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান। লন্ডনে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি নিয়ে যাওয়া হয় লন্ডনের ব্রুক স্ট্রিটের হোটেল ক্লারিজেসে। এক দিনের যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী ওই হোটেলেই অবস্থান করেন।
তবে প্রধানমন্ত্রীর লন্ডন আগমনকে কেন্দ্র করে আগেভাগেই ক্লারিজেস হোটেলের সামনে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাজ্য বিএনপি। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সন্ধ্যা সাতটা থেকে হোটেলের সামনে অবস্থান নেন যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী।
অন্যদিকে, ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে হোটেলের সামনে জড়ো হন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় সমসংখ্যক নেতা-কর্মী। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে হোটেলের কাছে দুই পক্ষকে আলাদা আলাদা স্থান নির্ধারণ করে দেয় পুলিশ। ক্লারিজেস হোটেলের সামনে ব্যস্ততম রাস্তায় রাত প্রায় ১০টা পর্যন্ত চলে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান।
বিক্ষোভ-পরবর্তী বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, বাংলাদেশে হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর আট দিনের সফরে যুক্তরাষ্ট্রে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে দেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতি করেন তিনি। আজ শনিবার প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা।