নিজের স্কুলেই ভর্তি হলো শিশু মুতাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহপাঠীদের সঙ্গে গতকাল আবারও ক্লাসে বসে মুতাসিম মাহির। এ সময় শ্রেণিশিক্ষক তার সঙ্গে কুশল বিনিময় করেন l প্রথম আলো
সহপাঠীদের সঙ্গে গতকাল আবারও ক্লাসে বসে মুতাসিম মাহির। এ সময় শ্রেণিশিক্ষক তার সঙ্গে কুশল বিনিময় করেন l প্রথম আলো

অবশেষে নিজের স্কুলেই ফিরে এল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মুতাসিম মাহির। সেই সঙ্গে একই স্কুলে তার বাবা মাজহারুল আনোয়ারও প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। ময়মনসিংহ-৩ আসনের সাংসদ মজিবুর রহমান ফকিরের নির্দেশে শিশু মুতাসিম মাহিরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। গতকাল রোববার সকালে ওই ছাড়পত্র বাতিল করে তার আগের ভর্তি পুনর্বহাল করা হয়।
গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া নয়টার দিকে মাজহারুল আনোয়ার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর কিছুক্ষণ পর ছেলে মুতাসিম মাহির ওই বিদ্যালয়ে যায় এবং তার ছাড়পত্র বাতিল করে আগের ভর্তি পুনর্বহাল করা হয়।
দুপুর ১২টা থেকে মুতাসিমের ক্লাস শুরু হয়। সে স্কুল চলা পর্যন্ত পুরো সময় ক্লাসে উপস্থিত ছিল। নিজের অনুভূতি প্রকাশ করে মুতাসিম বলে, ‘স্কুলে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
গতকাল মাজহারুল আনোয়ার বলেন, ‘কোনো বাধা ছাড়াই আমি যোগদান করেছি। সবার সহযোগিতায় প্রথম দিন পার করেছি।...পরিবার নিয়ে আমি খুব উৎকণ্ঠায় ছিলাম।’ ছেলের ভর্তি পুনর্বহাল করায় সন্তোষ প্রকাশ করে তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ারের যোগদান ও মুতাসিমের ভর্তি পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ আগস্ট গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, গত মার্চে তিনি পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ পেয়ে নিজের উদ্যোগে মন্ত্রণালয়ের মহাপরিচালকের মাধ্যমে বদলির আদেশ নিয়ে আসেন। মাজহারুল অভিযোগ করেন, এতে সাংসদ মজিবুর রহমান ফকির ক্ষুব্ধ হন এবং তাঁকে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানে বাধা দেন। এ ছাড়া ওই স্কুল থেকে তাঁর চতুর্থ শ্রেণিতে পড়া ছেলে মুতাসিম মাহিরকে বের করে দেওয়ার মৌখিক নির্দেশ দেন। পরে অন্য দুটি বিদ্যালয়ে মুতাসিমকে ভর্তির চেষ্টা করা হলে তাতেও সাংসদ বাধা দেন। এ খবর প্রচারিত হলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান শিশুটিকে যেকোনো বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা নিতে আদেশ দেন।