নিজেরাই করলেন নিজেদের রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার সাজুড়িয়া গ্রামের এই রাস্তাটি স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
রাজশাহীর বাগমারা উপজেলার সাজুড়িয়া গ্রামের এই রাস্তাটি স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

রাজশাহীর বাগমারার সাজুড়িয়া গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমে প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন। গ্রামের অভ্যন্তরে চলাচলের একমাত্র রাস্তাটি খারাপ থাকায় সরকারি বরাদ্দের আশায় বসে না থেকে তাঁরা নিজেরাই এ উদ্যোগ নেন।
গোয়ালকান্দি ইউনিয়নের এই গ্রামে গত মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায়, রাস্তার আশপাশে লোকজনের ভিড়। কেউ ডালায় করে রাস্তায় মাটি ফেলছেন, আবার অনেকে বস্তায় ভরে ইটের খোয়া ফেলছেন। সেখানে কর্মরত গ্রামবাসী চার-পাঁচজন জানান, ২৩ জুলাই থেকে তাঁরা এ কাজ করছেন। ছয় দিন ধরে কাজ করার পর মঙ্গলবারই কাজ শেষ করেছেন। সংস্কারের পাশাপাশি কোনো কোনো জায়গায় মাটি কেটে রাস্তা চওড়া করা হয়েছে।
স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ ও সংস্কার কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘সরকারি বরাদ্দ ও অনুদানের দিকে না তাকিয়ে নিজেদের রাস্তা নিজেরাই করে নিয়েছি। গ্রামের শতাধিক লোক এতে স্বেচ্ছাশ্রম দিয়েছেন। এর ফলে লোকজন এখন হালকা যানবাহন নিয়েও চলাচল করতে পারবেন।’
গ্রামের অর্ধশত বাসিন্দা জানান, তালতলী-যাত্রাগাছি মূল রাস্তা থেকে ওই গ্রামের অভ্যন্তরে চলাচলের জন্য একটিই রাস্তা। গ্রামের সাজুড়িয়া ও দক্ষিণ সাজুড়িয়া পাড়াসহ আশপাশের প্রায় তিন হাজার লোক এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন। বিভিন্ন মালামালও পরিবহন করা হয়। ওই গ্রামের শেষ প্রান্তে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় শিক্ষার্থীদের কষ্ট করে যেতে হয় ওই রাস্তা দিয়ে। দীর্ঘদিন ধরে মাটির এ রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে রাস্তায় কাদা জমে থাকায় লোকজনের চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যায়। রাস্তাটি চলাচলেও অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় কোনো জনপ্রতিনিধি সরকারিভাবে রাস্তাটি ঠিক করে দেওয়ার উদ্যোগ নেয়নি। এ জন্য কমিটি করে গ্রামের লোকজন নিজেরাই রাস্তা সংস্কারের উদ্যোগ নেন।
কলেজশিক্ষক ও কমিটির সদস্য খবির উদ্দিন বলেন, এলাকার লোকজন নিয়ে কমিটি গঠনের পর তাঁরা স্বেচ্ছাশ্রম দেওয়ার সিদ্ধান্ত নেন। রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য কিছু উপকরণ ও নির্মাণসামগ্রী দরকার ছিল। গ্রামের লোকজনই এই টাকার জোগান দেন।
সাজুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ পারভীন বলেন, রাস্তাটি সংস্কার করায় তাঁদের ও শিক্ষার্থীদের চলাচলে সুবিধা হয়েছে।
উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, রাস্তার বিষয়টি তিনি জানেন না। তবে গ্রামবাসীর এ উদ্যোগ প্রশাসনকে লজ্জায় ফেলে দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলাউদ্দিন জানান, প্রয়োজন হলে কাবিখা, কাবিটা অথবা কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে রাস্তাটিতে মাটি ফেলার উদ্যোগ নেওয়া হবে।