নিজেরাই চাঁদা তুলে মাটি কেটে করলেন চলার পথ
অনেক জায়গায় আবেদন-নিবেদন করেও কোনো ফল পাননি। শেষ পর্যন্ত কারও অপেক্ষা না করে গ্রামবাসী নিজেরাই চাঁদা তুলে মাটি কেটে চলার মতো একটি পথ তৈরি করেছেন। এটি হচ্ছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ফজলুর দোকান নামক স্থান থেকে ধূলিজুরা-কেওলা গ্রামে আসা-যাওয়ার একটি পথ।গ্রামবাসী জানান, মৌলভীবাজার-রাজনগর-বালাগঞ্জ সড়ক থেকে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধূলিজুরা গ্রামে আসা-যাওয়ার একটি রাস্তা আছে। কিন্তু রাস্তাটি কাঁচা এবং অনেক দূর ঘুরে গ্রামের মানুষকে মূল সড়কে উঠতে হয়। যে কারণে গ্রামের মানুষকে মনু নদ প্রকল্পের একটি নালার পাড় দিয়ে সহজেই মৌলভীবাজার-রাজনগর-বালাগঞ্জ সড়কে আসা-যাওয়া করতে হয়। তবে এটি বর্ষাকালে প্রায়ই পানির নিচে তলিয়ে থাকে। যখন ভাসে, তা-ও কাদাগর্তের কারণে চলাচলের উপযোগী থাকে না। প্রকল্পের খালের পাড়টি মানুষের চলাচলের উপযোগী করার জন্য গ্রামবাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) বিভিন্ন স্থানে আবেদন করেছেন। আর্থিক বরাদ্দ না থাকার কথা বলে কেউই পথটি তৈরির উদ্যোগ নেয়নি।গতকাল বুধবার এলাকায় গেলে ধূলিজুরা গ্রামের হারুনুর রশীদ নোমান বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদ, ইউএনও, ওয়াপদাসহ (পাউবো) বিভিন্ন স্থানে আবেদন করেছি। ফান্ড নাই বলে কেউই কাজ করাননি। বর্ষায় চলাচলের কোনো উপায় থাকে না। পথটি নিচু হওয়ায় পানিতে ডুবে যায়। চলাচলে আমাদের অনেক সমস্যা। আমরা মাটি কেটে পথ উঁচু করেছি।’ধূলিজুরা গ্রামের নুরুল ইসলাম চৌধুরী বলেন, ‘১০ হাজার, পাঁচ হাজার, কেউ ২০০ টাকা, যে যত পেরেছে দিয়েছে। সহযোগিতা করেছে। রাস্তাটা আমাদের জন্য খুব দরকার।’ তাঁরা জানান, তাঁদের গ্রামগুলোর অধিকাংশ কৃষিজমিই পড়েছে কাওয়াদিঘি হাওর এলাকায়। তাঁদের কষ্ট করে এ পথ দিয়েই খেতে যেতে হয়। ধান নিয়ে আসতে হয়। আবুল মিয়া বলেন, ‘আমাদের হাওরে যেতেই হয়। এই পেক (কাদা) পানি বাঙ্গি (ভেঙে) যাওয়া লাগে।’পাঁচগাঁও ইউপির চেয়ারম্যান মিহির কান্তি দাশ গতকাল বলেন, ‘তারা মাটি কাটিয়েছে, দেখেছি। তবে আমি দায়িত্ব নেওয়ার পর কেউ আমার কাছে আসেনি। আগে হয়তো বলেছে। আর আমার কাছে এমন কোনো অর্থ নেই, যেখান থেকে কাজ করানোর মতো বরাদ্দ দেওয়া যায়।’পাউবো মৌলভীবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ বজলুল করিম গতকাল বলেন, ‘খালের পাড় দিয়ে চলাচল করতে কোনো অসুবিধা নেই। এলাকার মানুষ আমাদের না জানিয়ে খাল গভীর করে মাটি কেটে তুলেছেন। তাঁরা বলেছেন রাস্তাটা করে দিতে। আমরা ঠিকাদারকেও বলেছি যতটা সম্ভব সহযোগিতা করতে। কিন্তু আমাদের কাজের পরিমাণ খুবই অল্প। তাঁরা যে পরিমাণ চাচ্ছেন, তা হয়তো তাঁদের দেওয়া সম্ভব হচ্ছে না।’