নিজেরাই বানালেন সাঁকো
কেউ নদীতে নেমে বাঁশের খুঁটিগুলো ঠিকঠাকমতো আছে কি না তা দেখছিলেন, আবার কেউ কোমর বেঁধে পাটাতনের কাজ করছিলেন। তার মধ্যেই মাদ্রাসা থেকে দৌড়ে দৌড়ে আসছিল চতুর্থ শ্রেণীর ছাত্র একরাম হোসেন। বাড়ি ফেরার পথে গ্রামের লোকজনকে সাঁকোর কাজ করতে দেখে একরামও নেমে পড়েছে। আনন্দে লাফাতে লাফাতে বলছে, ‘হামার আর ক্লাস কামাই হবি না। হামি এখন থ্যাকা নিয়মিত মাদ্রাসাত যাবার পারমো।’ গত মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর গ্রামে গিয়ে দেখা যায় এ দৃশ্য। গ্রামের মানুষ জনপ্রতিনিধিদের মুখাপেক্ষী না থেকে নিজেরাই নেমে পড়েছেন তাঁদের চলাচলের জন্য প্রায় ২৫০ ফুট সাঁকো নির্মাণে। নাম রেখেছেন ‘স্বেচ্ছাশ্রম সাঁকো’। কাজ শেষ পর্যায়ে। এখন এলাকাবাসী যারপরনাই খুশি। এক সপ্তাহের মধ্যে এ সাঁকোর উদ্বোধন হবে; সেদিন এখানে তাঁরা লাঠিখেলা আর খাওয়া-দাওয়ার ব্যবস্থা করবেন। তবে এ কাজে তাঁরা কোনো জনপ্রতিনিধিকে দাওয়াত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একদিকে দেউলী ইউনিয়নের তালিবপুরসহ ছয়টি গ্রাম। আরেক দিকে শিবগঞ্জ ইউনিয়নের মাছপাড়াসহ সাতটি গ্রাম। মাঝখান দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। সেতু না থাকায় ওই ১৩টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে যাতায়াতের জন্য চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন মানুষ কলাগাছের ভেলায় বা বড় পাতিলে চড়ে নদী পার হতেন। নদীর ওপর সেতু না থাকায় বিশেষ করে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সেতুর জন্য এলাকার লোকজন বহুবার রাজনৈতিক নেতা ও এখানে-সেখানে ধরনা দিয়েছেন। আশ্বাসও মিলেছে। কিন্তু সেতু আর নির্মাণ হয়নি। শেষে নিজেরাই কোমড় বেঁধে নেমে পড়েন সাঁকো নির্মাণে। মাত্র দুই সপ্তাহেই স্বেচ্ছাশ্রমে তাঁরা তৈরি করেছেন প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্যের সাঁকো।মাছপাড়া গ্রামের আতিউল ইসলাম (৫০) জানান, ঈদের আগে জাহিদুল ইসলাম নামের বাইরের এলাকার এক মানুষ এসে এলাকার লোকজনকে রাজনৈতিক নেতাদের মুখাপেক্ষী না থেকে নিজেদেরই উদ্যোগ নিতে বলেন। তারপর গ্রামের কেউ বাঁশ দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন উপকরণ কেনার জন্য। সবাই মিলে এ সাঁকোটি নির্মাণ করেছেন। শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়ারেছ আলী আকন্দ বলেন, গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বিরাট এক ভালো কাজ করেছেন বলে তিনি শুনেছেন। তবে তিনি এখনো সাঁকোটি দেখতে যাননি। বিএনপিদলীয় স্থানীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, ওই নদীঘাটে একটি সেতু নির্মাণ জরুরি। তিনি বিরোধীদলীয় সাংসদ। তার পরও চেষ্টা করে যাবেন যাতে সেতুটি করা যায়।