নিজেরাই সিদ্ধান্ত নিতে চান মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ পড়েন বিশ্ববিদ্যালয়ে, কেউ স্কুল-কলেজে। তাঁরা প্রায় সবাই প্রতিষ্ঠিত হতে চান। হতে চান পরিবারের কান্ডারি, নিতে চান নিজেদের জীবনের সিদ্ধান্ত, সমাজের জন্যও কাজ করতে চান তাঁরা। গত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আগের তুলনায় মেয়েদের ভালো ফলের পরিপ্রেক্ষিতে আটটি বিভাগের ৪৫টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৮ জন ছাত্রীর সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।

অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক অবস্থান যা-ই হোক অথবা পড়াশোনায় যেমনই হোক, মেয়েরা লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হতে চান। ১৫ থেকে ২০ আগস্টের মধ্যে বিদ্যালয়ের ৫১, কলেজের ৬৯ ও বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন ছাত্রীর সঙ্গে এসব নিয়ে কথা বলেছেন প্রথম আলোর প্রতিনিধিরা।

এই ১৮৮ জন ছাত্রীর মধ্যে মাত্র দুজন বলেন, পড়াশোনা করে তাঁরা কিছু করতে চান না। তাঁদের ভাষ্য, বাংলাদেশে নারীকে ঘরের সব কাজ সামলে চাকরি করতে হয়। আবার পরিবারে এর কোনো মূল্যও পান না। তাই তাঁরা শুধু সংসার করতে চান।

তাঁরা দেশের সব ছাত্রীর প্রতিনিধিত্ব না করলেও তাঁদের মাধ্যমে সার্বিকভাবে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার আগ্রহের বিষয়টি উঠে এসেছে, যা সমাজের জন্য ইতিবাচক বলে মনে করেন সেন্ট্রাল উইমেনস কলেজের উপাচার্য পারভীন হাসান। তিনি বলেন, ‘একটা সময় ছিল মেয়েদের পড়ালেখা করানো হতো, যাতে তাদের ভালো বিয়ে হয়। তখন মেয়েদের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা এভাবে ছিল না। এখন পড়াশোনা শেষ করে মেয়েরা প্রতিষ্ঠিত হতে চায়, এটি খুবই ভালো লক্ষণ। বিষয়টি গৌরবেরও।’

নবম শ্রেণির শিক্ষার্থী নওরিন তাসমিনা হক। পড়ালেখা করছে কক্সবাজারের বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ে। বাবা অসুস্থ, মা গৃহিণী। পারিবারিক সচ্ছলতা নেই। তাই কষ্ট করেই সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাসমিনা জানায়, জীবনে দারিদ্র্যসহ যত সমস্যাই আসুক, নিজে কিছু করার বিষয়ে সে দৃঢ়প্রতিজ্ঞ।

উম্মে কুলসুম ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণিতে পড়ে। তার ইচ্ছা সিএ শেষ করে বাংলাদেশ ব্যাংকে চাকরি করার। কুলসুম ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী প্রয়াত এ পি জে আবদুল কালামের উক্তিতে বলে, ‘স্বপ্ন হলো সেটাই, যা আমাকে ঘুমোতে দেয় না। আমিও আমার স্বপ্ন পূরণ করব।’ কুলসুম বিয়েসহ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজেই নিতে চায়। আর পাশে চায় পরিবারকে। কুলসুমের বাবা কামাল হোসেন বলেন, ‘মেয়ের পাশে থেকে ওর ইচ্ছাপূরণে সবকিছুই করব আমি।’

এভাবেই নিজেদের স্বপ্নের কথা, প্রতিষ্ঠিত হওয়ার কথা জানান তরুণীরা। যতই প্রতিবন্ধকতা আসুক, প্রতিষ্ঠিত হওয়ার দৃঢ় মানসিকতা তাঁদের মধ্যে স্পষ্ট। এর প্রভাব দেখা যাচ্ছে পরীক্ষার ফলে। জেএসসি থেকে শুরু করে এসএসসি-এইচএসসি সব পর্যায়েই মেয়েরা এখন আগের তুলনায় ভালো করছেন।

বাস্তব ক্ষেত্রেও মেয়েদের এ ইচ্ছার প্রতিফলন দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০১৩-এর তথ্যমতে, দেশের অর্থনীতির মূলধারা কৃষি, শিল্প ও সেবা খাতে ১ কোটি ৬৮ লাখ নারী কাজ করছেন। যেখানে ২০১০-১৩ সালে প্রতিবছর গড়ে দুই লাখ নারী যুক্ত হয়েছেন। এ ছাড়া উৎপাদন খাতে ২২ লাখ ১৭ হাজার নারী কাজ করছেন।

অর্থনীতিতে, বিশেষ করে ব্যবসা ও চাকরিতে নারীর অংশগ্রহণ বাড়ছে। এই তথ্য সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণাপত্রে রয়েছে। এতে বলা হয়, ১৯৯৫-৯৬ সালে মোট শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ছিল ১৫ দশমিক ৮ শতাংশ, ২০১১-১২ সালে তা হয়েছে ৩৯ দশমিক ১ শতাংশ।

এ বিষয়ে কথা হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের সঙ্গে। মেয়েদের স্বাবলম্বী হওয়ার অদম্য ইচ্ছাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, ‘মেয়েরা কোনো চ্যালেঞ্জ নিলে তারা সেটা ঠিকই করতে পারে। নিজের জীবন থেকে এটা আমি জেনেছি। মেয়েরা প্রতিষ্ঠিত হলে শুধু পরিবারে নয়, সমাজেও তার একটি অবস্থান তৈরি হয়। পারিবারিক-অর্থনৈতিক চাহিদা পূরণের পাশাপাশি নারীর নিজেরও সক্ষমতা বাড়ে। এতে নারী নিজে সিদ্ধান্ত নিতে পারে।’

হতে চান পরিবারের কান্ডারি: ব্র্যাক ইউনিভার্সিটির ‘দক্ষিণ এশিয়ায় পুত্রসন্তান আকাঙ্ক্ষার ভিন্ন বয়ান: ভারত ও বাংলাদেশের তুলনা’ শীর্ষক গবেষণাপত্রের তথ্য অনুসারে, অধিকাংশ পরিবার অর্থনৈতিক কারণে সন্তান হিসেবে পুত্রসন্তান কামনা করে। যেখানে মায়েরাও প্রথম সন্তানটি ছেলে হলে খুশি হন।

সমাজের এ অবস্থার পরিবর্তন চান নারীরা। শুধু মা-বাবাকে দেখভালের দায়িত্ব নয়, বিয়ের পর সংসারেও আর্থিক অবদান রাখতে চান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী সিফাত আরা বলেন, ‘প্রতিষ্ঠিত হয়ে মা-বাবার দেখভাল করার পাশাপাশি বিয়ের পর সংসারেও নিজের উপার্জন ব্যয় করতে চাই।’

ক্ষমতা চান সিদ্ধান্ত নেওয়ার: নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা চান এসব নারী। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্বের ছাত্রী বীথিকা রায় বলেন, ‘জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে চাই। স্বাধীনভাবে জীবন যাপন করতে চাই। যে স্বাধীনতা একজন নারী নয়, মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে আমাকে।’

সমাজের জন্য কাজ করতে চান: সরকারি-বেসরকারি চাকরির পাশাপাশি মেয়েরা নানাভাবে সমাজের জন্য কাজ করতে চান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী সাবিহা আলম জানান, তিনি বিচারব্যবস্থায় দুর্নীতিরোধে কাজ করতে চান। একই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের কামরুন্নাহার নারীর অধিকার প্রতিষ্ঠা ও শিশুনির্যাতন প্রতিরোধে কাজ করতে চান। একজন সফল উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান ঢাকা কমার্স কলেজের ছাত্রী হামিদা বিনতে রহমান।

রাষ্ট্রকে পাশে চান: নিজেদের উন্নতির জন্য রাষ্ট্রকে পাশে চান ছাত্রীরা। অনেক ছাত্রীর অভিযোগ, স্কুল-কলেজে ঠিকমতো ব্যবহারিক ক্লাস হয় না। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেছেন কাজী তাসনিম সুলতানা। তিনি বলেন, প্র্যাকটিক্যাল বিষয়গুলো বেশির ভাগই অজানা থাকে। প্রচলিত ধারার শিক্ষাব্যবস্থা নিয়েও অভিযোগ অনেকের। তাঁরা চান, সব পড়া ক্লাসেই হয়ে যাবে, যাতে কোচিং করতে বা গৃহশিক্ষকের কাছে না যেতে হয়।

এখনই বিয়ে নয়: লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের ছাত্রী শরিফা খাতুনসহ প্রায় সব মেয়েই জানান, এখনই বিয়ে নয়। তাঁরা উচ্চশিক্ষিত হতে চান। তারপরই বিয়ে নিয়ে ভাববেন তাঁরা। আবার অনেক ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ, পরিবার বিয়ের জন্য মেয়েকে চাপ সৃষ্টি করে। ১৬ বছর বয়সে অভিভাবকের ইচ্ছায় মেয়েকে বিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তেও নাখোশ অনেকে। কারণ, এ সময় একটি মেয়ে শারীরিক ও মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত থাকে না। আবার বেশির ভাগ ক্ষেত্রে বিয়ে স্বপ্নপূরণে বাধা হয়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক জ্যেষ্ঠ গবেষক প্রতিমা পাল মজুমদার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়ন হলে সমাজের উন্নয়নের সঙ্গে সঙ্গে সারা দেশের চিত্রও পাল্টে যাবে। এ জন্য নারী উন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।’