নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহরাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুপুরে জেলা শহর মাইজদীর কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুস্থ নারীদের ভিজিডি ও জেলেদের ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নে বিভিন্ন সময় নারীদের ভিজিডির ৪২ টন ও জেলেদের আপত্কালীন ত্রাণের ৩২ টন চাল আত্মসাৎ করেন ওই চেয়ারম্যান। ইউনিয়ন সচিব চেয়ারম্যানের চাল আত্মসাতের ঘটনায় প্রতিবাদ করলে কয়েক মাস আগে ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজন সচিবকে বেদম মারধর করেন। এ ঘটনায় গত ১৬ মে ইউপি সচিব ছিদ্দিক আহমেদ বাদী হয়ে মেহরাজ উদ্দিনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করেন। পরবর্তী সময়ে ওই মাসের ২২ তারিখ থানা থেকে মামলাটি দুদকের জেলা কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরে দুদকের একটি তদন্ত দল নিঝুম দ্বীপ গিয়ে অভিযোগের সত্যতা পায় এবং বেশ কিছু দাপ্তরিক প্রমাণপত্র সংগ্রহ করে। যার আলোকে মেহরাজ উদ্দিনকে গতকাল গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মেহরাজ উদ্দিনকে সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে।
দুদক সূত্র আরও জানায়, অভিযোগে উল্লেখিত আত্মসাৎ করা চালের সরকারি বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। মেহরাজ নিয়মিত সরকারি ত্রাণের এসব চাল আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ পাওয়া যায়। তা ছাড়া দ্বীপের গরিব মানুষের কাছ থেকে ভুয়া ভাউচারে ১৬০ টাকা করে ট্যাক্সও আদায় করছেন মেহরাজ। যাতে প্রতিবছর প্রায় ৮ হাজার হতদরিদ্র মানুষ থেকে ট্যাক্সের নামে ১০ থেকে ১২ লাখ টাকা চাঁদা আদায়ের প্রমাণ পাওয়া যায়।
জানতে চাইলে দুদকের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমান গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরের দিকে মেহরাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে সুধারাম থানায় সোপর্দ করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুদকের হাতে গ্রেপ্তার হওয়া মেহরাজ উদ্দিন বর্তমানে থানা হাজতে রয়েছেন। তাঁকে আজ সোমবার দুদক হাতিয়ার বিচারিক হাকিমের আদালতে হাজির করবে।