অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর হাতিয়ার সুখচর ও নিঝুম দ্বীপের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানির তোড়ে ভেঙে গেছে সুখচর ইউনিয়নের বেড়িবাঁধের তিনটি স্থান। এতে পানিবন্দী অবস্থায় দুর্ভোগের মধ্যে পড়েছে ওই দুটি ইউনিয়নের বাসিন্দারা। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট ও চেয়ারম্যামঘাট-চরচেঙ্গা নৌরুটে চলাচলকারী দুটি সি-ট্রাক। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে বঙ্গোপসাগর ও মেঘনায় অস্বাভাবিক জোয়ার শুরু হয়। জোয়ারের পানির তোড়ে সুখচর ইউনিয়নের চর আমানউল্লা এলাকায় তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। এ ছাড়া আগের ভাঙা অংশ দিয়েও পানি ঢুকে ইউনিয়নটির বেশির ভাগ এলাকা প্লাবিত হয়। দ্বীপের বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল হোসেন প্রথম আলোকে জানান, জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের পুরোটাই ডুবে গেছে। প্রায় সব বাড়িতেই পানি উঠেছে। সাগর উত্তাল থাকায় জোয়ার শেষেও পানি নামছে না। এতে দুর্ভোগ আরও বেড়ে গেছে। সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, সোমবার দুপুরে ও রাতে এবং গতকাল দুপুরের জোয়ারে বেড়িবাঁধের তিনটি স্থানে ভেঙে যায়। এতে চর আমানউল্লা, মৌলভীর গ্রাম, দরগা গ্রাম ও বাদশা মিয়াগো গ্রামে পানি ঢুকে পড়ে। এসব এলাকার লোকজন রান্নাবান্নাও করতে পারছে না। তলিয়ে গেছে আউশ ফসলের খেত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহিদুর রহমান গতকাল বলেন, জোয়ারের পানি নেমে যাওয়ার পর আবহাওয়া স্বাভাবিক হলেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ করা হবে।