নিঝুম দ্বীপে আইলাদুর্গত ৩২৫টি পরিবারকে বসতঘর হস্তান্তর
‘আইলা আঁর বসতঘরসহ সবকিছু ধুইয়া মুইছা লইয়া গেছে। তিন হোলা ও দুই মাঁইয়া লইয়া এত দিন আই খুউব কষ্টে আছিলাম। বসতঘরটা পাওনে কোনো রকম মাথা গোঁজার বেবস্তা অইছে।’কথাগুলো বললেন নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের যুগান্তর গুচ্ছগ্রামের বিধবা রহিমা বেগম। আইলা পুনর্বাসন প্রকল্পের আওতায় তৈরি ৩২৫টি ঘর ও স্বাস্থ্যসম্মত পায়খানা গতকাল বুধবার দ্বীপের দুর্গত ৩২৫টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মধ্যেই একটি ঘর পেয়ে খুশি রহিমা বেগম।জানা গেছে, ইউএসএআইডির অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশের তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হাসি’। এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে দুই কোটি ৭৩ লাখ টাকা।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নোয়াখালীর উপপরিচালক আমির হোসেন গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের দলিল দুর্গত ব্যক্তিদের কাছে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে কেয়ার বাংলাদেশের প্রকল্প প্রকৌশলী আবদুর রহমান, হাসির নির্বাহী পরিচালক আকরাম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ক ম মহসিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিদ্দিক উল্যাহ, নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসক তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।গত বছরের ২৫ ও ২৬ মে আইলার আঘাতে নিঝুম দ্বীপে ১৩ জনের মৃত্যু হয়, ৫৮ জন গুরুতর আহত হয় এবং ১১২ জন নিখোঁজ হয়। এ সময় দ্বীপের এক হাজার ৮৩০টি ঘর সম্পূর্ণ এবং দুই হাজার ১৮০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।