নিঝুম দ্বীপে দিনদুপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়ার সবচেয়ে বড় এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসটি চমৎকার। বাংলোবাড়ি, বিশাল দিঘি, প্রচুর গাছপালায় তৈরি হয়েছে ঘরোয়া পরিবেশ। তবে এসব ছাপিয়ে আছেন মূল ব্যক্তি রফিকুল আলম। দরাজ হাসি আর উষ্ণ আতিথ্য তাঁর ভূষণ।রাতেই পরিকল্পনা পাকা করে ঘুমিয়েছিলাম। বৃহস্পতিবার সকাল আটটার মধ্যে প্রাতরাশ সেরে আমরা সাতজন রওনা দিলাম নিঝুম দ্বীপের ঘাটের উদ্দেশে। এখানকার যাত্রীবাহী গণপরিবহন হিসেবে জিপই ভরসা। কিন্তু রাস্তার বেহাল দশা। সহযাত্রী মনস্তত্ত্ববিদ ফরিদা আখতার যথার্থই নাম দিলেন—আমাদের ঝাঁকুনি এক্সপ্রেস। ৪০ কিলোমিটার পথ দুই ঘণ্টায় পাড়ি দিলাম। আশার কথা, রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে।আমাদের নিঝুম দ্বীপ সফরের ব্যবস্থাপক অধ্যাপক আশ্রাফউদ্দিনের ভাড়া করা ইঞ্জিনের নৌকা আসতে আসতে ঘাটে পরিচয় হলো এনজিও কর্মী রসরাজের সঙ্গে। তিনি জানালেন, ৫০ বর্গমাইলের এ দ্বীপে আছে তিনটি প্রাথমিক ও একটি জুনিয়র হাইস্কুল। হাজার দুই ছাত্র তাতে পড়ে। এর বাইরে এনজিও পরিচালিত একক শ্রেণীর স্কুল আছে ১৫টি। ৩০ হাজার অধিবাসীর জনপদে আড়াই হাজার শিশুই কি স্কুলগামী? এলাকাবাসীর ভাষ্য এবং শিশুশ্রমের চিত্র দেখে প্রশ্নটা মনে গেঁথেই থাকে।নিঝুম দ্বীপের আসল সম্পদ তো বন। সুন্দরবনের মতো এও ম্যানগ্রোভ বন। কেওড়াই মূল গাছ। অল্প আছে বাইন আর গেওয়া। স্থানীয়ভাবে কেয়া নামে পরিচিত কাঁটা ঝোপ ছড়িয়ে আছে সবখানে। স্থানীয় বন রেঞ্জার মোহাম্মদ জাবের বললেন, হরিণের সংখ্যা কুড়ি হাজার হবে। সাধারণভাবে ২০ ছাপিয়ে ৩০ হাজারই বেশি শোনা যাচ্ছিল। ১৯৭৪ সালে বন বিভাগ চার জোড়া হরিণ ছেড়েছিল। তা থেকে তিন দশকের মধ্যে হরিণের এ বিশাল বহর। লোকমুখে শুনেছিলাম, হরিণগুলো খাদ্যাভাবে ভালো নেই। মোহাম্মদ জাবেরও একমত হলেন। ১৫ হাজার একর বনভূমির গাছগুলো ইতিমধ্যে বেশ বড় হয়ে যাওয়ায় হরিণের নাগালে নেই পাতা। তাই হরিণের পাল প্রায়ই ঢুকে পড়ছে লোকালয়ে। লক্ষ্য খেতের ধান আর শাকসবজি। অর্থাৎ হরিণে-মানুষে দ্বন্দ্ব শুরু হলো বলে। রেঞ্জার জাবের জানালেন, চট্টগ্রাম থেকে বানর এনে ছাড়ার চিন্তা চলছে। হরিণে-বানরে সখ্য ভালো জমে—সে কথা বহুশ্রুত। বানর মগডাল থেকে কচিপাতা ছিঁড়ে দেয় হরিণকে। আশপাশে হিংস্র প্রাণী থাকলে সে খবরও দেয়। এ বনে আসল বাঘ না থাকলেও গেছো বাঘ, শৃগাল আর নেকড়ের মতো বনকুকুর তো আছে। হাতিয়ায় যার সঙ্গেই কথা বলেছি একবাক্যে বলেছে, নিঝুম দ্বীপ পর্যটনের জন্য চমৎকার জায়গা। সে-ভাবনা থেকে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে ন্যাশনাল পার্ক ঘোষণা করেছিলেন। একটি উন্নয়ন পরিকল্পনার তোড়জোড়ও শুরু হয়। এর মধ্যেই সরকার পরিবর্তন হলে প্রক্রিয়াটা থমকে যায়।সময়ের নিয়ম মেনে এ বনের ওপরও নজর পড়েছে দস্যু গংয়ের। রেঞ্জার মোহাম্মদ জাবেরের ভাষায়, ভূমিদস্যু, বনদস্যু, জলদস্যু। তবে জমির বন্দোবস্তি নিয়ে বন বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। বনের মধ্যে হরিণের খোঁজে অনেক দূর ঢুকে পড়ার পর পথপ্রদর্শক দলিলউদ্দিন বললেন, দ্রুত ফিরে চলুন সবাই। কেন? না, ঘোঁৎ ঘোঁৎ শব্দ শুনেছেন উনি। সেটা বুনো মোষের ক্রোধের প্রকাশ। ক্রুদ্ধ বন্য মোষ বাঘের বাড়া। মায়ামৃগের পেছনে ছুটে সীতার দুর্দশার কথা সবার জানা। আমাদেরও বনের মধ্যে একপাল হরিণ দেখার মায়া ত্যাগ করে গাছের ফাঁকে ফাঁকে দু-একটি হরিণের ছিন্ন ছুটন্ত শরীর দেখে সন্তুষ্ট হয়ে ফিরতে হলো। হাতিয়া ও নিঝুম দুই দ্বীপের মাঝে জেলেদের বিছানো জালের সীমানায় ঢেউয়ের তালে নেচে চলেছে শত শত গাংচিল। ইঞ্জিন বোটের ভটভট আওয়াজ রসভঙ্গ করল তাদের। জল ছেড়ে আকাশে উড়াল দিল প্রতিবাদে। সৃষ্টি হলো অপার্থিব দৃশ্যের। সে দৃশ্য ক্যামেরায় আর হূদয়ে ধারণ করে ফিরে এলাম আমরা।