নিঝুম দ্বীপে পুলিশ ও জলদস্যু গোলাগুলি
নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের ডুবাইরখাল এলাকায় গতকাল বুধবার পুলিশের সঙ্গে জলদস্যু মাদু বাহিনীর গোলাগুলি হয়েছে।এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল করিম আহত হন। তাঁকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দস্যুদের ফেলে যাওয়া একটি ট্রলার, এক বস্তা চাল ও ব্যবহূত কিছু জিনিস উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিঝুম দ্বীপের ডুবাইরখালের পাশের বনের ভেতর জলদস্যু মাদু বাহিনীর ৪০ থেকে ৫০ জন সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে—এমন খবর পেয়ে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জাহিদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানের উদ্দেশে রওনা হয়। বেলা পৌনে একটার দিকে পুলিশের গাড়ি ডুবাইরখাল এলাকার একটি কোল্ডস্টোরের কাছে পৌঁছামাত্র বনের ভেতর থেকে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। দস্যুদের ছোড়া একটি গুলি এএসআই জাহিদুলের পেটের পাশ দিয়ে যাওয়ায় তিনি সামান্য আহত হন। একপর্যায়ে দস্যুরা একটি ট্রলার নিয়ে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিঝুম দ্বীপের পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. রহমত উল্লা প্রথম আলোকে বলেন, দস্যুরা সংখ্যায় বেশি হওয়ায় পুলিশ বেশি দূর সামনে এগোতে পারেনি। তবে শিগগিরই ওই বনে দস্যু দমনে অভিযান চালানো হবে।