নিঝুম দ্বীপে ভূমি বরাদ্দ ও স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনভূমি ‘নিঝুম দ্বীপ’ এলাকায় ভূমি বরাদ্দ ও সেখানে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদশ দেন।
নিঝুম দ্বীপের বনভূমি রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু বকর ও স্থানীয় এক ব্যক্তি ওই রিটটি করেন। গতকাল রিটের ওপর শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। সঙ্গে ছিলেন আইনজীবী মাহমুদ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
রুলে ওই সংরক্ষিত বনভূমি রক্ষা ও উন্নয়নে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওই দ্বীপে দেওয়া ভূমি বরাদ্দ কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পরিশে ও বনসচিব, ভূমিসচিব, প্রধান বন সংরক্ষক, পুলিশের মহাপরিদর্শক, নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১৭ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।