নিঝুম দ্বীপে সন্ত্রাসী হামলা, দাদি-নাতি নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে সন্ত্রাসীরা হামলা চালিয়ে একটি ঘর ভেঙেচুরে মেঘনা নদীতে ফেলে দেয়। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।দ্বীপের মোল্লা গ্রামের ওই ঘরে ঘুমিয়ে ছিলেন দাদি আমেনা খাতুন (৫০) ও নাতি ফরিদ (৮)। হামলার পর থেকে দাদি-নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে গত সোমবার উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অপহরণের মামলা করেন আমেনার স্বামী জহুরুল হক। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না।আসামিরা হলেন মোল্লা গ্রামের সিরাজ উদ্দিন, তাঁর স্ত্রী আংকুরের নেছা, ছেলে আরিফ উদ্দিন ও শরিফ উদ্দিন এবং আরিফের স্ত্রী ফাহিমা বেগম।মামলার বাদী জহুরুল হক অভিযোগ করেন, আসামিরা সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।এলাকাবাসী সূত্র জানায়, ২০ বছর ধরে জহুরুল হক স্ত্রীকে নিয়ে মোল্লা গ্রামে বসবাস করছেন। একই এলাকার কিছু লোক কয়েক মাস ধরে তাঁদের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছে। আমেনা খাতুন গত দুই মাসে একাধিকবার প্রতিপক্ষের হামলার শিকার হন। সেসব ঘটনায় তিনি দুটি মামলা করেছিলেন।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন গতকাল মঙ্গলবার বলেন, দাদি-নাতি নিখোঁজ হওয়ার ঘটনাটি দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে সাজানোও হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।