নিতাই স্যারের আন্দোলনের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলতি বছর প্রকাশিত ২০০৬-০৭ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ৩৭ জন প্রথম শ্রেণী পেয়েছেন। এর মধ্যে ২০ জনই রাজশাহী কলেজের। সেরা দশের প্রথম আটজন এবং সেরা ২০-এর ১৩ জনই এই কলেজের। রাজশাহী কলেজের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই কুমার সাহার বিশেষ পদ্ধতির পাঠদানকে এই সাফল্যের চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছেন। কারণ, সাত বছর আগে এখানে শিক্ষকতার শুরুতে তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর আন্দোলন শুরু করেছিলেন। আর নিতাই কুমার সাহা এই ব্যাচকেই প্রথম বর্ষ থেকে তাঁর বিশেষ পদ্ধতির পাঠদানের আওতায় নিয়েছিলেন। ২০১০ সালের ১২ নভেম্বর ‘আছেন আমাদের নিতাই স্যার’ শিরোনামে প্রথম আলোয় শুক্রবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছিল। রাজশাহী কলেজ সূত্রে জানা গেছে, মনোবিজ্ঞান বিভাগ থেকে এর আগের দুই বছরে দুজন করে শিক্ষার্থী প্রথম শ্রেণী পেয়েছিলেন। এবারের ফলাফলে মনোবিজ্ঞান বিভাগে রাজশাহী কলেজের প্রথম আটজন মোট ২৪০০ নম্বরের মধ্যে ১৫০০ নম্বরের বেশি পেয়েছেন। অথচ এসব শিক্ষার্থীর বেশির ভাগই এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগের জন্য প্রয়োজনীয় নম্বরের চেয়ে কম নম্বর পেয়েছিলেন। রাজশাহী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সাত বছর আগে এই কলেজে যোগদানের পর নিতাই কুমার সাহা শিক্ষার্থীদের প্রাইভেট পড়া ও কোচিং বাদ দিয়ে ক্লাসে টানার জন্য আন্দোলন শুরু করেন। বছরের শুরুতেই তিনি শিক্ষার্থীদের হাতে নিজের তৈরি বিশেষ ধরনের একটি দিনপঞ্জি ধরিয়ে দেন। শিক্ষার্থীদের সারা বছরের শিক্ষাবিষয়ক সূচি এই দিনপঞ্জিতে উল্লেখ করা থাকে। বিভিন্ন বিষয়ে মূল্যায়ন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ঘর শিক্ষার্থীরা নিজেরা পূরণ করেন। মূল্যায়নপত্রে নিতাই কুমার সই দেওয়ার পর তাতে অভিভাবকদের সই নিয়ে আসতে হয়। ওই ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। প্রতিবছর এই পুরস্কার প্রদানের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ ছাড়া বছরে চার দফায় ক্লাসে উপস্থিতির হার নির্ণয় করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পরিসংখ্যান নিতাই কুমারের কাছে থাকে। একসময় হঠাৎ করেই ক্লাসে অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা বিভাগীয় প্রধানকে ডেকে যেসব শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি পাওয়া যায়, তাঁদের পুরস্কার দেওয়া হয়।নিতাই কুমারের মতে, পুরস্কার ছোটখাটোই দেওয়া হয়। কিন্তু এতে শিক্ষার্থীরা দারুণ উৎসাহিত হয়। বিভাগের এই অভাবনীয় সাফল্যের ব্যাপারে জানতে চাইলে নিতাই কুমার বলেন, ‘এটা আমার একার কৃতিত্ব নয়, বিভাগের সব শিক্ষকের চেষ্টা, শিক্ষার্থীদের অধ্যয়ন ও কলেজ প্রশাসনের আন্তরিক সহযোগিতার কারণেই এত ভালো ফল সম্ভব হয়েছে।’ এ ব্যাপারে উপাধ্যক্ষ হবিবুর রহমান নিতাই কুমারের বিশেষ পদ্ধতির কথা উল্লেখ করে বলেন, তাঁকে (নিতাই) সদ্য সাবেক বিভাগীয় প্রধান এ কে এম শামসুদ্দিনও উৎসাহিত করেছেন।