নিতাইগঞ্জে এলাকাবাসীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে গতকাল রোববার এলাকাবাসীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নিতাইগঞ্জে বাংলাদেশ ফ্লাওয়ার মিলের সামনে ময়দা বহনকারী একটি ঠেলাগাড়ি উল্টে যায়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান। তিনি রাস্তা থেকে দ্রুত ময়দার বস্তাগুলো সরিয়ে নিতে বললে শ্রমিকদের সঙ্গে তাঁর বচসা হয়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কাউন্সিলর সমর্থক ও শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়েন। উভয় পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু এ সময়ও সংঘর্ষ চলতে থাকে। পরে নারায়ণগঞ্জ প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাই ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন, কমিউনিটি পুলিশ হায়দার খান ও সেন্টুসহ ২০ জন আহত হন। নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তাঁদের ভর্তি করা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল সংঘর্ষ চলাকালে কয়েকজনকে পুলিশের সামনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর রহমান অভিযোগ করেন, কাউন্সিলর কামরুল হাসান শ্রমিক সরদার আবদুর রবকে মারধর করেন। এর প্রতিবাদ করায় বাংলাদেশ ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক শহীদুল ইসলামের ওপর হামলা চালানো হয়। এ হামলার ঘটনায় শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবিতে আটা-ময়দা মিল মালিক সমিতি, গম আড়তদার সমিতি, লবণ আড়তদার সমিতি, ধান-চাল আড়তদার সমিতিসহ অন্যান্য ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছে। কাউন্সিলর কামরুল হাসান শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে মারধর করিনি।’ নারায়ণগঞ্জ মডেল থানার ওসি আকতার হোসেন গতকাল বিকেলে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনো কেউ মামলা করেনি।