নিতাইগঞ্জে যানজট সৃষ্টিকারী তিন ট্রাকচালককে লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম নিতাইগঞ্জে গতকাল বৃহস্পতিবার দুপুরে যানজট সৃষ্টিকারী তিন ট্রাকচালককে পুলিশ সুপারের দেহরক্ষীর লাঠিপেটাকে কেন্দ্র করে ট্রাকশ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা দফায় দফায় মিছিল বের করে নিতাইগঞ্জে বঙ্গবন্ধু সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দেশের অন্যতম পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে জেলা পুলিশ সুপারের বাসভবন। দুপুরে নিতাইগঞ্জে বঙ্গবন্ধু সড়ক দিয়ে পুলিশ সুপারের গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন দেহরক্ষী সোহেল তাঁর খাবার আনার জন্য। এ সময় বঙ্গবন্ধু সড়কে তিনটি পণ্যবাহী ট্রাক এলোপাতাড়ি রেখে দেওয়ায় যানজটের সৃষ্টি হয়। সোহেল গাড়ি থেকে নেমে লাঠি দিয়ে ট্রাকের চালক নূর মোহাম্মদ, মনসুর আহম্মেদ ও হারুন মিয়াকে বেধড়ক মারধর করেন। এতে নূর মোহাম্মদের মাথা ফেটে যায় এবং অন্য দুজন গুরুতর আহত হন। তাঁদের শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় পরিবহনশ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা নিতাইগঞ্জে বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও পরিবহনশ্রমিক নেতারা ঘটনাস্থলে এসে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, ‘রাস্তা বন্ধ করে ট্রাক এলোপাতাড়ি ছড়িয়ে রাখায় আমার দেহরক্ষী সোহেলের সঙ্গে কয়েকজন ট্রাকচালকের মধ্যে বাগিবতণ্ডার ঘটনা ঘটে। ওই সময়ে ট্রাকচালকেরা দেহরক্ষী সোহেলকে মারতে উদ্যত হলে সে প্রতিবাদ করে।’