নিতাইগঞ্জে ১৫ ঘণ্টা পণ্য ওঠানো নামানো বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহর যানজটমুক্ত করতে নগরীর নিতাইগঞ্জ এলাকায় দিনের বেলায় এবং রাতের কিছু সময় ট্রাকে পণ্য ওঠানো-নামানো বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে ব্যবসায়ীরা রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত ট্রাকে পণ্য ওঠাতে ও নামাতে পারবেন।

আজ মঙ্গলবার ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যেসব ব্যবসায়ী ও পরিবহন মালিক এই সিদ্ধান্ত অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, ট্রাকমালিক-শ্রমিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এ কে এম সেলিম ওসমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নিতাইগঞ্জ গম ব্যবসায়ী সমিতির সভাপতি জসীমউদ্দিন মৃধা, ফ্লাওয়ার মিল মালিক সমিতির সভাপতি ওয়াজেদ আলী বাবুল, আন্তজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শফিউদ্দিন প্রধান প্রমুখ।

জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, ‘নগরীর ডাইলপট্টি এলাকায় বোটখালের পাশে এবং বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়া ব্রিজ থেকে নিতাইগঞ্জ পর্যন্ত রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রাক লোড-নলোড করা যাবে। প্রতিটি ট্রাক পণ্যের লোড-আনলোডের ক্ষেত্রে সর্বোচ্চ তিন ঘণ্টা সময় ব্যবহার করতে পারবে।’

নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়া ব্রিজ থেকে নিতাইগঞ্জ পর্যন্ত অবৈধ ট্রাকস্ট্যান্ড, আশপাশের অলিগলি এবং সড়কের বিভিন্ন পয়েন্টে দিনের বেলায় ট্রাকে পণ্য ওঠানো ও নামানোর কারণে শহরে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে এসব স্থানে যানজট নিরসনের দাবি জানিয়ে আসছিল।