নিতেন্দ্রীয় আবার হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জাহাজভাঙা কারখানায় আহত শ্রমিক নিতেন্দ্রীয় চাকমা ওরফে শীষমণিকে (৩০) গতকাল মঙ্গলবার আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৯ জুন ভাটিয়ারী শিপ ব্রেকার্স লিমিটেড নামে একটি জাহাজভাঙা কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত হন খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা নিতেন্দ্রীয় চাকমা। দুর্ঘটনায় তাঁর বুক, মুখ, হাত পুড়ে যায়। তাঁর ডান পায়ের পাতা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। বাঁ পাও ভেঙে যায়।

নিতেন্দ্রীয়র শ্যালক সাগর চাকমা বলেন, ‘পুরোপুরি চিকিৎসা শেষ হওয়ার আগেই শনিবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আজ (মঙ্গলবার) দুপুরে তাঁকে আবার চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাল বুধবার (আজ) বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে অস্ত্রোপচারের সম্ভাব্য সময় জানাবেন বলে আমাদের জানিয়েছেন।’

১৯ জুন থেকে চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা নেন নিতেন্দ্রীয়। পোড়া ক্ষত প্রায় শুকিয়ে যাওয়ার পর গত শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ওই দিন তিনি অর্থোপেডিক বিভাগে ভর্তি হতে চেয়েও শয্যাসংকটের কারণে পারেননি। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘নিতেন্দ্রীয়র ডান পা গেছে, বাঁ পা-ও যাবে?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসন নিতেন্দ্রীয়র খোঁজখবর নেয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ বলেন, ‘নিতেন্দ্রীয়র মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁরা নিতেন্দ্রীয়র অবশিষ্ট চিকিৎসা খরচ বহন করবেন।’