নিতেন্দ্রীয়র ডান পা গেছে, বাঁ পা-ও যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্যবদলের আশায় এ বছরের জুন মাসে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম এসেছিলেন নিতেন্দ্রীয় চাকমা (৩০)। তাঁকে শীষমণি নামেও ডাকে স্বজনেরা। মাসে নয় হাজার টাকা বেতনের চাকরি পেয়েই মুখে হাসি ফুটেছিল তাঁর। চাকরি বলতে সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় লোহা কাটা ও বহন করার কাজ। কিন্তু কাজ শুরু করার ১৮ দিনের মাথায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাঁর দুই হাত, মুখ ও বুক পুড়ে যায়। জ্বলন্ত লৌহখণ্ড পড়ে তাঁর ডান পায়ের পাতা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ভেঙে যায় বাঁ পায়ের হাঁটুও।
ভাটিয়ারী শিপ ব্রেকার্স লিমিটেড নামের ওই জাহাজভাঙা কারখানায় গত ১৯ জুন দুর্ঘটনার শিকার হন নিতেন্দ্রীয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাসের বেশি চিকিৎসা নেওয়ার পর শরীরের পোড়া ক্ষত অনেকটাই সেরেছে। টাকার অভাবে পায়ে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। ডান পায়ের পাঁচটি আঙুলসহ পায়ের পাতার কিছু অংশ আগেই হারিয়েছেন তিনি। দ্রুত অস্ত্রোপচার না করালে বাঁ পা-ও হারাতে হতে পারে।
গত শনিবার হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারির অর্থোপেডিক বিভাগে পাঠানো হয় নিতেন্দ্রীয়কে। কিন্তু সেখানে শয্যা খালি না থাকায় তাঁকে ভর্তি করা যায়নি। আজ মঙ্গলবার তাঁর ভর্তি হওয়ার কথা রয়েছে।
নিতেন্দ্রীয়র বড় ভাই উজ্জ্বল চাকমা বলেন, পায়ের চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। জাহাজভাঙা কারখানার মালিক কিছু টাকা দিলেও তা পর্যাপ্ত নয়। ভাইয়ের চিকিৎসার জন্য শেষ সম্বল বাড়ির গরুটিও ২৫ হাজার টাকা বিক্রি করে দিয়েছেন তাঁরা।
খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা নিতেন্দ্রীয়র চিকিৎসা করাতে গিয়ে পুরো পরিবার এখন প্রায় নিঃস্ব হয়ে গেছে। তাঁদের জমিজমাও তেমন কিছু নেই। চট্টগ্রাম শহরে থেকে চিকিৎসা করানোর জন্য সাড়ে পাঁচ হাজার টাকায় এই অক্টোবর মাস থেকে বাসা ভাড়া করতে হয়েছে পরিবারটিকে। গতকাল সোমবার সকালে নগরের ইপিজেড এলাকার এক কক্ষের ওই বাসায় গিয়ে দেখা যায়, হাত, মুখ ও বুকের পোড়া ক্ষত শুকিয়ে সাদা হয়ে গেছে। বাঁ হাতের ক্ষতটি গভীর হওয়ায় এখনো সেখানে ব্যান্ডেজ লাগানো রয়েছে। দুই পায়েই ব্যান্ডেজ রয়েছে।
সেদিনের দুর্ঘটনার বর্ণনা দিয়ে নিতেন্দ্রীয় বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমার সারা গায়ে আগুন ধরে যায়। পরে আর কিছু জানি না। আমার সঙ্গে স্বপন চৌধুরী নামে অপর একজন আহত হয়েছিল। সে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।’ একটু দম নিয়ে নিতেন্দ্রীয় বলেন, ‘ভালো রোজগারের আশায় এখানে এসেছিলাম। নয় হাজার টাকা বেতনে চাকরি ঠিক করেছিলাম। প্রথম মাসের বেতনও নিতে পারিনি।’
পাশে বসে স্ত্রী কালিন্দী চাকমা স্বামীর শুশ্রূষা করছেন। তিনি বলেন, ‘এক পা তো চলে গেছে। এখন বাঁ পা-ও যদি ভালো না হয় তাহলে সারা জীবন বিছানায় কাটাতে হবে মানুষটিকে। আমার দুই ছেলে, এক মেয়ে বাড়িতে জায়ের কাছে রয়েছে। আমরা পুরো পরিবার এখন দিশেহারা।’
দুর্ঘটনার পর মালিকপক্ষ এক লাখ টাকা দিয়েছে বলে স্বজনেরা জানান। কিন্তু পায়ের চিকিৎসার জন্য এখন নতুন করে টাকা দিতে মালিকপক্ষ গড়িমসি করছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক (সাধারণ) মো. শাহ আলম বলেন, ‘আমরা নিতেন্দ্রীয়র চিকিৎসার খরচ দিতে মালিকপক্ষকে কড়া ভাষায় চিঠি দিয়েছি। তারা কিছু টাকাপয়সা দিয়েছে। কিন্তু তাঁর আরও চিকিৎসা লাগবে। শ্রমবিধিমালা অনুযায়ী মালিকপক্ষ চিকিৎসার খরচ পুরোপুরি বহন করবে।’
জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মালিকপক্ষ কিছুদিন চিকিৎসা খরচ দিয়ে বন্ধ করে দিয়েছিল। আহত শ্রমিকের চিকিৎসা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তাঁদের খরচ বহন করা উচিত। কারণ, মালিকপক্ষের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া পুনর্বাসনের ব্যবস্থাও মালিকপক্ষের ওপর বর্তায়। হাইকোর্টের একটি রায়ে আহত শ্রমিকের পুনর্বাসনের কথাও উল্লেখ রয়েছে।
জানতে চাইলে ভাটিয়ারী শিপ ব্রেকার্স লিমিটেডের ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন বলেন, ‘আমরা এখন পর্যন্ত এক লাখ টাকার বেশি দিয়েছি। তার পায়ের চিকিৎসা করানো দরকার। ওই খরচও আমরা দেব। শীষমণির সঙ্গে আরেকজন আহত হয়েছিলেন। তাঁর খরচও দিয়েছি। তিনি এখন সুস্থ হয়ে বাড়িতে আছেন।’
বাঁ পায়ের অস্ত্রোপচার এবং চিকিৎসা বাবদ প্রাথমিকভাবে আরও প্রায় ৫০ হাজার টাকা প্রয়োজন বলে চিকিৎসকেরা নিতেন্দ্রীয়র স্বজনদের বলছেন।
জাহাজভাঙা কারখানার শ্রমিকদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ইপসার প্রোগ্রাম ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত সীতাকুণ্ডের বিভিন্ন জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় ১৬ জন শ্রমিক মারা গেছেন। তিনি বলেন, জাহাজভাঙা কারখানার কর্মপরিবেশের যে পরিবর্তন হয়নি, মাত্র আট মাসে দুর্ঘটনায় এত শ্রমিকের মৃত্যুই এর বড় প্রমাণ।