নিত্যপণ্য পরিবহনে নিরাপত্তা দেওয়ার আশ্বাস প্রশাসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। বাজারে কৃত্রিম সংকট রুখতে নিয়মিত তদারক করা হবে বলে ঘোষণা দেন তিনি।

গতকাল রোববার সকালে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন আবদুল মান্নান। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় আমদানিকারক ও ব্যবসায়ীরা তাঁদের মতামত ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। বছরের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৯০ টাকা। ৩৬ থেকে ৪৬ টাকার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন ১২৫ থেকে ১৩০ টাকায়। সবাইকে একত্রে বসে এর সমাধান করতে হবে।