নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ
চাল, ডাল, ছোলা, চিনি, লবণ, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার বিকেলে নগরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার সভাপতি সুলতানা আক্তার প্রমুখ। সমাবেশের আগে একটি মিছিল নগরের ২ নম্বর রেলগেট থেকে শুরু হয়ে ডিআইটি সড়ক ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়।
নিখিল দাস বলেন, পবিত্র রমজানের আগেই নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। এক বস্তা চালের দাম ৩০০ টাকারও বেশি বেড়েছে। এ ছাড়া ডাল, লবণ, ছোলা, মাছ, মাংসসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। খুচরা বাজারের সঙ্গে পাইকারি বাজারের কোনো সামঞ্জস্য নেই। বাজার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। এতে জনগণের, বিশেষ করে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। টিসিবির উদ্যোগে ন্যায্য দামে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হলেও চাহিদার তুলনায় তা খুবই কম। বাজার কারসাজির মাধ্যমে মূল্যবৃদ্ধির সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। তিনি অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।