নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি সিপিবির
চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং গরিবদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শুক্রবার পার্টির মহানগর পূর্ব জোনের উদ্যোগে আয়োজিত পদযাত্রা থেকে এ দাবি জানানো হয়। পার্টি ঘোষিত ১১ দফা দাবিতে রাজধানীর শান্তিনগর মোড় থেকে মালিবাগ রেলগেট হয়ে খিলগাঁও তালতলা পর্যন্ত ওই পদযাত্রা ও পথ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে কোটি কোটি শ্রমজীবী মানুষকে অনাহারে-অর্ধাহারে থাকতে হচ্ছে। ঢাকা শহর থেকে রিকশা ও বস্তি উচ্ছেদ অব্যাহত রয়েছে। ঢাকাকে ভিআইপিদের নগরে পরিণত করা হচ্ছে। যেসব রাস্তায় রিকশা বন্ধ করা হয়েছে, সেখান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান বক্তারা। এ ছাড়া তাঁরা ২০ রোজার মধ্যে সব পোশাকশিল্পের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান।পার্টির প্রেসিডিয়াম সদস্য নাহিদ হোসেন খান, শাহাদাৎ হোসেন, আহসান হাবীব প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।