সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, চাল-ডাল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-দুর্বৃত্তায়িত রাজনীতি রুখে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সরকারের প্রতি অবিলম্বে বন্যার্তদের সহযোগিতায় পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের দাবি জানানো হয়।
নগরের আম্বরখানা এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদের সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও প্রণবজ্যোতি পালের সঞ্চালনায় মিছিল–পরবর্তী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদ নেতা নাজিকুল ইসলাম, দেওয়ান নাজমুল ইসলাম, ইব্রাহিম মিয়া, সঞ্জয় শর্মা প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার চাল–ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। প্রয়োজনীয় এসব দ্রব্যের দাম ক্রমশ বাড়ছে। দেশব্যাপী সন্ত্রাস-সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশকে লুটপাটের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। সিলেটসহ সারা দেশে লাখো মানুষ পানিবন্দী অবস্থায় দিনযাপন করলেও তাদের রক্ষায় সরকার কার্যকর কেনো পদক্ষেপ নেয়নি।