নিত্যরঞ্জন পান্ডে হত্যার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি সংগঠন পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি থেকে নিত্যরঞ্জন পান্ডেসহ সম্প্রতি ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, নাটোরের খ্রিষ্টান দোকানি সুনীল গোমেজ ও চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানমের হত্যাকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জির পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, সুব্রত চৌধুরী, মিলন কান্তি দত্ত, মঞ্জু ধর, বাসুদেব ধর প্রমুখ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে দেশের অসাম্প্রদায়িক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
এ ছাড়া সমাবেশ থেকে নিহত ব্যক্তিদের স্মরণে ও দেশ-জাতির মঙ্গল কামনায় ২০ জুন ঢাকেশ্বরী মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজনের কথা জানান তাঁরা।
এদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা বলেন, খুনি চক্র চিহ্নিত না হওয়ায় দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে। এই দেশ যেন খুনিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
দীনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সংখ্যালঘু কল্যাণ সমিতির চেয়ারম্যান সমরেন্দ্র নাথ গোস্বামী, হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি এম কে রায়, সুশীল চন্দ্র পাইক প্রমুখ। বিজ্ঞপ্তি।