নিদর্শন রক্ষা কমিটির মহাস্থানগড় পরিদর্শন স্থানীয়দের বিক্ষোভ
হাইকোর্টের নির্দেশে গঠিত মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষা কমিটি গতকাল রোববার মহাস্থানগড়সহ আশপাশের পুরাকীর্তি এলাকা পরিদর্শন করেছে—এই খবর পেয়ে কয়েক শ মানুষ মহাস্থানগড় থেকে তাদের উচ্ছেদ না করার দাবিতে বিক্ষোভ করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে কমিটির সদস্যরা মহাস্থানগড়ের মাজার এলাকায় খনন অংশ দেখতে যান। তাঁরা সেখানে বহুতল ভবন নির্মাণের জন্য খনন করা স্থান, হজরত শাহ সুলতান বলখি (রা.)-এর মাজার শরিফ, নতুন ও পুরোনো মসজিদ, খানকাহ শরিফ ‘ভাসু বিহার’, ‘বড় টেংরা’, ‘লহনা’সহ কয়েকটি প্রত্নতাত্ত্বিক এলাকা ঘুরে দেখেন। পরে মহাস্থানগড়ের প্রত্নসম্পদ রক্ষা কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাই মিলে মহাস্থানগড়ের প্রত্নসম্পদ রক্ষা করতে চাই। এখানে আমরা কেউ কারও মুখোমুখি নই।’ তিনি জানান, ‘গড় এলাকায় ব্যক্তি মালিকানায় অনেক জমি আছে। এদের সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে জনগণকে বুঝতে হবে, এটি প্রত্নতাত্ত্বিক এলাকা। তাই ব্যক্তিগত জমি হলেও সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব বিভাগের।’মুনতাসীর মামুন বলেন, এলাকার একটি স্বার্থান্বেষী মহল স্থানীয় মানুষকে আদালতের নিষেধাজ্ঞা এবং প্রত্নতত্ত্ব বিভাগ সম্পর্কে ভুল বুঝিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, গড় এলাকায় জমি চাষ করা যাবে না বা কারও বাড়ি থাকলে তা সংস্কার করা যাবে না, হাইকোর্ট এমন কোনো নির্দেশনা দেননি। হাইকোর্ট বলেছেন, ওই এলাকায় নতুন করে যেন কোনো স্থাপনা নির্মাণ বা খননকাজ করা না হয়। প্রত্নতাত্ত্ব্বিক সম্পদ রক্ষা কমিটির সদস্যরা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন (সকাল আটটার দিকে) মহাস্থানগড় এলাকার পাঁচ শতাধিক মানুষ মহাস্থানগড়-শিবগঞ্জ সড়কের পাশে বিক্ষোভ করে। তারা দাবি করে, বংশ পরম্পরায় তারা সেখানে বাস করছে। কোনোভাবেই তাদের উচ্ছেদ করা যাবে না। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করে। স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষা কমিটি গত শনিবার বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। সম্প্রতি মহাস্থানগড়ে খোঁড়াখুঁড়ি নিয়ে বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর হাইকোর্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে প্রত্নসম্পদ রক্ষায় কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকে গঠিত ১২ সদস্যবিশিষ্ট কমিটি গত শনিবার বগুড়ায় আসে।