নিদারুণ কষ্টে কাটছে কবিপত্নীর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর/ থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর’ এমন অসংখ্য জনপ্রিয় কবিতা লিখে গেছেন কবি বন্দে আলী মিয়া। গ্রামবাংলার প্রকৃত রূপ তুলে ধরে তাঁর রয়েছে আরও বহু কবিতা ও লেখা। দেশের মানুষ ও দেশকে ভালোবেসে কবি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে দিয়ে গেছেন পথচলার অনুপ্রেরণা।যে কবির কাছে দেশ ও জাতি অনেক কিছু পেয়েছে, সেই কবির সহধর্মিণী পরিবানুর (৮৮) দিন কাটছে অভাব-অনটনে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার পরিত্যক্ত সরকারি একটি বাড়িতে থাকেন পরিবানু। সংসারে তাঁর দুই ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলেদের সংসারে থাকেন তিনি।কবির ছেলে জাহেদুল ইসলাম (৪৩) জানান, ১৯৭৯ সালে তাঁর বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে তাঁরা দুই ভাই সান্তাহার শহরের নতুন বাজার এলাকার এই বাসায় বসবাস শুরু করেন। অনেক কষ্টে মা তাঁদের বড় করেছেন। অভাব-অনটনের কারণে পড়াশোনা বেশি দূর এগোয়নি তাঁদের।জাহেদুল জানান, বোনের বিয়ের পর সংসার চালাতে তিনি সান্তাহার শহরের ফুটপাতে পুরোনো কাপড়ের ব্যবসা শুরু করেন। ছোট ভাই ওমর ফারুক প্রশিক্ষণ নিয়ে পশুচিকিত্সার কাজ করেন। জাহেদুল বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে অভাব আমাদের সংসারের চিরসঙ্গী।’ তিনি আরও জানান, ১৯৯৬ সালে বিভিন্ন পত্রিকায় তাঁর মাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সংস্কৃতি মন্ত্রণালয় ১৯৯৭ সালের জুনে তাঁর মায়ের নামে ভাতা দেওয়া শুরু করে। শুরুতে মাসিক ৪০০ টাকা করে দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়। কিন্তু ২০০৮ সাল থেকে ভাতা বন্ধ করে দেয় মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে একাধিকবার ধরনা দেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে ২০১১-১২ অর্থবছরের জুন থেকে সংস্কৃতি মন্ত্রণালয় পুনরায় ভাতা ছাড় করে মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে চিঠি দেয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব ফাহমিদা আখতার স্বাক্ষরিত ওই চিঠিতে কবিপত্নীসহ বগুড়া জেলার ১২টি দুস্থ সংস্কৃতিসেবী পরিবারকে মোট ৮৭ হাজার ৬০০ টাকা দেওয়ার অনুরোধ করা হয়। চিঠির অনুলিপি বগুড়া জেলা প্রশাসক, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ভাতাপ্রাপ্তদের কাছে পাঠানো হয়।কিন্তু ভাতা পাওয়া পরিবারগুলোর অভিযোগ, তাঁদের কাছে চিঠির অনুলিপি এসেছে গত বছরের জুলাইয়ে। এরপর তাঁরা জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করেন। সেখান থেকে তাঁদের জানানো হয়, তাঁদের কাছে এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি।পরিবানু বলেন, ‘ভাতার টাকা সামান্য হলেও আমাদের মতো অসহায় মানুষের জন্য সেটি অনেক। বছরে একবারে প্রায় নয় হাজার টাকা পাওয়ায় সংসারে ওই টাকা অনেক উপকারে আসে।’বগুড়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখানকার নিরীক্ষক (অডিটর) হাসান শহীদ সোহরাওয়ার্দী ও হাফিজুর রহমান নামে অপর এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না।সান্তাহার নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দীন বলেন, ‘বন্দে আলী মিয়ার মতো একজন দেশবরেণ্য কবির পরিবারের এমন দৈন্যদশা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার।’ তিনি দ্রুত কবি পরিবারের সহায়তায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।