নিধিরাম সর্দার হতে চাননি তাঁরা
কিশোরগঞ্জের করিমগঞ্জ, নিকলী ও বাজিতপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ কাল ১৯ ফেব্রুয়ারি, বুধবার অনুষ্ঠিত হবে। তবে তিন উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়্যারম্যানেরা এবার প্রার্থী হননি। ক্ষমতার সীমাবদ্ধতা, এলাকার যথেষ্ট উন্নয়ন করতে না পারা ইত্যাদি কারণে তাঁরা প্রার্থী হননি বলে জানিয়েছেন।
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান মানেই ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তাই জয়ের যথেষ্ট সম্ভাবনা থাকার পরও এবার প্রার্থী হইনি। এরশাদের শাসনামলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বিশাল ভূমিকা ছিল। বর্তমানে এর ১০ ভাগও নেই। তাই পাঁচ বছর চেয়ারম্যান থাকার পরও জনগণের জন্য কিছু করতে পারিনি। জনগণের প্রশ্ন, চেয়ারম্যান আমাদের জন্য কী করেছেন? এর উত্তর জানা নেই, তাই নির্বাচন করছি না।’
বাজিতপুর উপজেলার চেয়ারম্যান শেখ এ কে এম নূরুনব্বী বলেন, বর্তমানে স্থানীয় সরকারে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠান হলো উপজেলা পরিষদ। এখানে জনগণের জন্য কিছু করা কঠিন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতার সঙ্গে চেয়ারম্যানের ক্ষমতার দূরত্বের কারণে দ্বন্দ্ব লেগেই থাকে। এতে কাজের পরিবেশ থাকে না। অথচ এই উপজেলা পরিষদের মাধ্যমে দুই দশক আগে মাঠপর্যায়ের সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হতো। সরকার ও সাংসদদের সদিচ্ছার অভাবের কারণে এখন আর আগের অবস্থা নেই। ফলে চেয়ারম্যান হওয়া মানেই হতাশা। তাই শুধু শুধু নামের জন্য চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নেই।
করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জনাব আলী বলেন, ‘আমি সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করেছি। আগেও চেয়ারম্যান ছিলাম। এলাকার উন্নয়ন করেছি। বর্তমানে পরিষদের অবস্থা খুবই নাজুক। সরকার এবং সাংসদেরা ক্ষমতা খর্ব হওয়ার ভয়ে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা একেবারে সীমিত পর্যায়ে নিয়ে এসেছেন।’