নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শহীদ মিনারে রামপালবিরোধী কর্মসূচিতে বাধা দেওয়ায় নিন্দা জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও জাতীয় মুক্তি কাউন্সিল। গতকাল শনিবার সংগঠন দুটির পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। শুক্রবার রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সাইকেল শোভাযাত্রায় বাধা দেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। পরে শোভাযাত্রা বের হলে জলকামান নিয়ে তাদের ধাওয়া করে পুলিশ। এই ঘটনায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল ও সদস্যসচিব মো. আব্দুল মতিন এক যৌথ বিবৃতিতে বলেন, এ ধরনের হামলা ও বাধার মাধ্যমে জনগণের নৈতিক দাবিকে কোনোভাবে উপেক্ষা করা যাবে না। জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতিতে সংগঠনটির সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম বলেন, সুন্দরবন ধ্বংস হবে জেনেও সরকার ভারতকে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে দিয়েছে।