তরুণ কবিদের নিন্দা, কলহ, বিদ্বেষ ও দুর্নীতিচর্চা থেকে মনকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন কবি জয় গোস্বামী। চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলনকক্ষে ‘আমার জীবন আমার রচনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি নিজের লেখা কবিতাপাঠের পাশাপাশি ভক্তদের নানা প্রশ্নেরও জবাব দেন ভারতের পশ্চিমবঙ্গের এই কবি। যিনি বাংলাদেশেও সমান জনপ্রিয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাতিঘর বই বিপণিকেন্দ্রের ১০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক প্রশ্নের জবাবে কবি জয় গোস্বামী বলেন, ‘তরুণ কবিদের আমি কী পরামর্শ দেব? আজও যেকোনো একটি লেখা লিখতে গিয়ে আমি খেই হারিয়ে ফেলি। উত্তরণের পথ খুঁজে পাই না। নিজেই নিজের ভাষা এখনো খুঁজে পাইনি।’ তিনি বলেন, নিন্দা, কলহ, বিদ্বেষচর্চা থেকে মনকে দূরে রাখতে পারলে ভালো লেখা সম্ভব। দুর্নীতিকে মন থেকে ঝেড়ে ফেলা দরকার।
সীমান্তে ফেলানীসহ নানা হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে কবি বলেন, ‘আমি সব হত্যাকাণ্ডের বিরোধী। শিল্প সাহিত্য সংগীত সব সময় মানবতার পক্ষের গান গায়। ধর্মান্ধতায় লাভ হয় কিছু স্বার্থান্বেষী মানুষের।’
কথামালার ফাঁকে নিজের লেখালেখি জীবন নিয়েও কথা বলেন কবি জয় গোস্বামী। ১৩ বছর বয়স থেকে লিখতে শুরু করেন তিনি। ১৯ বছর বয়সে তাঁর প্রথম লেখা ছাপা হয় পত্রিকায়। মাঝখানে ’৫৩ সাল থেকে ’৫৬ সাল পর্যন্ত প্রায় তিন বছর তিনি লেখালেখি থেকে বিরত ছিলেন। বিরত থাকার ব্যাখ্যাও দিলেন এক প্রশ্নের জবাবে।
কবি বলেন, ‘একসময় দেখলাম আমার কাছে ২৫টি কবিতা রয়েছে। ডাকযোগে ১০টি কবিতা বিভিন্ন লিটল ম্যাগাজিনে পাঠালাম। অনেক দিন পর ছাপা হলো দুটি। ওই ক্রোধ তখন মনের মধ্যে কাজ করল, ভাবলাম আমি ভালো লিখি না।’ তিনি বলেন, পরবর্তী সময়ে যখন নামডাক হলো, তখন প্রতিবছর বিভিন্ন পত্রিকা থেকে কবিতা চাওয়া হচ্ছে।
কবি জয় গোস্বামীর কথামালায় রবীন্দ্রনাথ থেকে শুরু করে পিকাসো যেমন এসেছে, তেমনি বিশাল একটি জায়গা জুড়ে ছিল ক্রিকেটের গল্প।
ডন ব্র্যাডম্যানের শেষ ইনিংসে ‘শূন্য’ রানের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘যে ব্যর্থতার মধ্য দিয়ে যায়নি, ঘর করেনি, তাহলে সে কীভাবে লেখার সঙ্গে ঘর করছে?’ তিনি বলেন, ‘কবিতা একটা অনুভব থেকে লেখা হয়। আমি বাসে-ট্রামে করে পথে যেতে যেতে কবিতা লিখেছি। একটি লাইন মনের মধ্যে গেঁথে নিয়ে তা বাসায় গিয়ে লিখে ফেলেছি।’
চট্টগ্রামের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে কবি বলেন, ‘আমি যুদ্ধে যাইনি, বীরত্বের কাজ করিনি, আমি জঙ্গল কিংবা সমুদ্রযাত্রাও করিনি। আমি নিতান্ত একজন গৃহস্থ মানুষ, ছাপোষা। আমাকে এভাবে গুরুত্ব দিতে দেখে আমি অভিভূত।’
কথামালার আগে কবি তাঁর বিখ্যাত ‘হৃদি ভেসে যায় অলকানন্দা জলে’, ‘মালতিবালা স্কুল’সহ বিভিন্ন কবিতা পাঠ করে শোনান।
রোটারি ক্লাব অব খুলশীর সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশ ও রোটারি ক্লাবের সভাপতি আকবর হোসেন। সূচনা সংগীত পরিবেশন করেন শান্তনু বিশ্বাস।