দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগর শাখা। বিকেল চারটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জাসদ চত্বরে সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন হয়েছে, তা জাতির জন্য কলঙ্কের ও লজ্জার। তিনি এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত রাজনৈতিক কৌশলে পরাস্ত হয়ে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।
এক বিবৃতিতে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।