নেশায় বুঁদ হয়ে থাকতেন। চিকিৎসার জন্য বহুবার তাঁকে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে নেওয়া হয়েছে। কয় দিন ভালো থাকার পর আবার ফিরে গেছেন অন্ধকার জগতে। এভাবে কেটে গেছে ১৫টি বছর। আসক্তি ছাড়াতে দেশে-বিদেশে নিরাময়কেন্দ্রে ঘুরতে ঘুরতে নেশাগ্রস্ত মানুষগুলোর জন্য ভেতরে ভেতরে দরদ অনুভব করেন মানুষটি। নিজেই একদিন খুলে বসেন একটি নিরাময়কেন্দ্র। তার আগে নিজে আসক্তিমুক্ত হন। এখন মাদকাসক্তদের চিকিৎসার্থে নিরন্তর কাজ করছেন। দরিদ্র ও অসচ্ছল রোগীদের জন্য রেখেছেন বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা। পরিবার-আত্মীয়, বন্ধুবান্ধব ও সমাজের কাছে একদিন যে মানুষটি ছিলেন নিন্দিত; আজ সেই মানুষটিই তাঁর কাজ দিয়ে সবার কাছে হয়ে উঠেছেন নন্দিত। তিনি মোস্তাফিজুর রহমান (৩৪)। বরিশাল বিভাগে একমাত্র মাদকাসক্তি নিরাময়কেন্দ্রটি তাঁরই গড়া। নাম ‘হলিকেয়ার’। ২০০৭ সালের ৩ মার্চ বরিশাল ক্লাবের সামনে একটি ভাড়া বাড়িতে শুরু হয় হলিকেয়ারের যাত্রা। সেখান থেকে এ পর্যন্ত ৩৫০ জন মাদকসেবী নিরাময় লাভ করে ফিরে গেছেন সুস্থ জীবনে। কর্মক্ষেত্রে ফিরে গিয়ে পরিবার ও সমাজে নিজেদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছেন তাঁরা।পদে পদে বাধা: মোস্তাফিজুর রহমানের ভাষায়, ‘বন্ধুদের পাল্লায় পড়ে প্রথমে গাঁজা, তারপর ফেনসিডিল, এরপর হেরোইন ও পেথেডিন ইনজেকশন নেওয়া আমার নিয়মিত অভ্যাসে দাঁড়ায়। চারবার আমাকে ঢাকার বিভিন্ন নিরাময়কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু কোনো কাজ হয়নি। কলকাতায় তিন মাস চিকিৎসার পরও আবার ভিড়ে যাই নেশার রাজ্যে।’ ভালো হবে ভেবে পরিবারের লোকজন ২০০৩ সালে বিয়ে দেন তাঁকে। তাতেও কাজ হয়নি। বিএম কলেজ থেকে ১৯৯৯ সালে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) পাস করেন। মাদকাসক্তির কারণে স্নাতকোত্তর পরীক্ষা দেওয়া হয় না।২০০৬ সালে ঢাকার একটি নিরাময়কেন্দ্রে পুনরায় ভর্তি করা হয় মোস্তাফিজকে। তিন মাস চিকিৎসা শেষে ভালো হয়ে সেই প্রতিষ্ঠানেই প্রশিক্ষক হিসেবে চাকরি পান। মাদকাসক্তি নিরাময়কেন্দ্র খোলার চিন্তাটা তখনই মাথায় আসে। বাবা-মা ও স্ত্রীকে সে কথা বলার পর কেউই সাড়া দেননি, উল্টো তিরস্কার করেন। বন্ধুরা তাচ্ছিল্যের সুরে তাঁকে ‘পাগল’ বলত।বাবা-মাকে নিজের পরিকল্পনার কথা খুলে বলেন মোস্তাফিজ। শেষে রাজি হন তাঁরা। শুরুতে পরীক্ষামূলকভাবে ২০ হাজার টাকা দেওয়া হয় তাঁকে। ঋণ করে দেড় লাখ টাকা নিয়ে বরিশাল ক্লাব রোডের একটি বাড়ি ভাড়া নিয়ে যাত্রা শুরু হয় হলিকেয়ারের। কেন্দ্রটি পরিচালনার জন্য রয়েছে বর্তমানে সাত সদস্যের একটি ট্রাস্টি বোর্ড ও ২১ সদস্যের সাধারণ কমিটি। বতর্মানে এ কেন্দ্রে তিনজন চিকিৎসক ও ১০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরগুনার ব্যবসায়ী আরিফ খান বলেন, ‘আমার এক বন্ধু মাদকের ভয়াবহতায় যখন শেষ হয়ে যাচ্ছিল, তখন ওকে বাঁচাতে হলিকেয়ারের শরণাপন্ন হই। আমার সে বন্ধুটি এখন সম্পূর্ণ নিরাময় হয়ে আমেরিকায় আছে।’ তিনি জানান, প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড পছন্দ হওয়ায় স্বেচ্ছাশ্রমে তাঁদের সঙ্গে কাজ শুরু করেন। পরে হলিকেয়ারের পরিচালনা পর্ষদ তাঁকে চেয়ারম্যানের পদটি দেয়। ছেলেকে মাদকাসক্তি ছাড়াতে ঢাকায় বিভিন্ন নিরাময়কেন্দ্রে ঘুরেছেন বরিশালের ব্যবসায়ী শ্যামলাল সাহা। সুফল না পেয়ে শেষে হলিকেয়ারে ভর্তি করালেন। দুই বছর ধরে ছেলে তাঁর সুস্থ জীবন যাপন করছেন। প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড ও মোস্তাফিজুর রহমানের একনিষ্ঠ চেষ্টা, অধ্যবসায় দেখে তিনি মুগ্ধ। গরিবদের সেবায়: চলতি বছর হলিকেয়ার থেকে ১০ জন গরিব রোগীকে বিনা টাকায় চিকিৎসা দেওয়া হয়েছে। হলিকেয়ারের উদ্যোক্তা ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা মাসিক সর্বোচ্চ সাত হাজার টাকায় এখানে চিকিৎসা দিই। যারা ওই টাকা বহন করতে অক্ষম, তাদের বিনা টাকায় চিকিৎসা দেওয়া হয়।’ তিনি জানান, কেন্দ্রটি চালাতে গিয়ে বর্তমানে তিনি ১০ লাখ টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েছেন। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ বলেন, একজন মাদকাসক্ত মানুষ সুস্থ জীবনে ফিরে এসে যে নিদর্শন স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে মহৎ। সুজন বরিশালের আহ্বায়ক আক্কাস হোসেন বলেন, এটা একটা দৃষ্টান্ত। ওর এই ভালো উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা করা উচিত।