নিন্ম আদালতে শিগগির ১০০ বিচারক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিন্ম আদালতে শিগগির ১০০ বিচারক নিয়োগ দেবে সরকার। বিচারক স্বল্পতা দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। গতকাল শনিবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী একথা বলেন। নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এ প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানে মামলার শুনানি মুলতবি বিষয়ে আইনমন্ত্রী বলেন, শুনানি মুলতবি হওয়ার ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা হয়, বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হন। কোনো কারণ ছাড়া মামলার শুনানি যাতে মুলতবি না হয় এবং এতে যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বিদ্যমান আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।আইনমন্ত্রী বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি অত্যন্ত কার্যকরী। বিভিন্ন দেশে ৯৫ শতাংশ দেওয়ানি মামলা এ পদ্ধতিতে নিষ্পত্তি হয়। আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি হলে আদালতের মামলাজটের দুর্যোগ থেকে বিচারপ্রার্থীরা অনেকটাই রেহাই পাবেন। মন্ত্রী জানান, দেওয়ানি ও ছোটখাট ফৌজদারি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এডিআর বাধ্যতামূলকভাবে চালু করতে ইতিমধ্যেই বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের জন্য আইন কমিশনকে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিষয়ের সিলেবাসে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয় অন্তর্ভুক্তির চিন্তাভাবনা করা হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এর ফলে বিচার ও আইন পেশায় যাঁরা নিয়োজিত হবেন, কর্মক্ষেত্রে তাঁরা তাঁদের জ্ঞান সঠিকভাবে প্রয়োগে সক্ষম হবেন। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট কার্যালয়ে শুরু হওয়া ২৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৪৬ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।