নিপা ভাইরাস প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিপা রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও বেসরকারি প্রতিষ্ঠান রিলিফ ইন্টারন্যাশনাল যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ‘নিপা রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ নিয়ে আলোচনা সভা হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হক খন্দকার, উপজেলা পশুসম্পদ চিকিৎসক নাবিল ফারাবী, বেসরকারি প্রতিষ্ঠান রিলিফ ইন্টারন্যাশনালের প্রতিনিধি চিকিৎসক দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
২০১১ সালের ফেব্রুয়ারিতে হাতীবান্ধা উপজেলায় নিপা ভাইরাসের সংক্রমণে কয়েক দিনে ২৪ জনের (সরকারিভাবে মৃতের সংখ্যা ১৮) মৃত্যু হয়। সে সময় হাতীবান্ধায় আসা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বিশেষজ্ঞ দল জানিয়েছিল, নিপা ভাইরাসের বাহক বাদুড়। তাই কোনো এলাকায় একবার এ রোগ দেখা দিলে পরবর্তী কয়েকটি বছর শীতের মৌসুমে রোগটি পুনরায় ফিরে আসার আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে স্বাস্থ্য-সচেতনতাই এই ভাইরাস থেকে রক্ষার একমাত্র পথ। সেই থেকে পরবর্তী বছরগুলোতেও বেশ প্রচার-প্রচারণা হওয়ায় জনসাধারণ এখন এ রোগ নিয়ে সতর্ক।