নিপা ভাইরাসে শিশুর মৃত্যু, বাবা আক্রান্ত
নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বনশ্রী এলাকায় আট বছরের একটি শিশু গত সোমবার মারা গেছে। শিশুর বাবাও ভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকারের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা কাঁচা খেজুরের রস খেতে নিষেধ করেছেন। বাদুড় নিপার জীবাণু বহন করে আর খেজুরের রসের মাধ্যমে তা ছড়ায়। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে ভর্তি থাকা বাবার রক্ত ও অন্যান্য নমুনা পরীক্ষা করে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। বাবা ও মৃত শিশুটি খেজুরের রস খেয়েছিল। সেই রস থেকে এই সংক্রমণ।’ এ বছর এটাই নিপা ভাইরাসের প্রথম সংক্রমণের ঘটনা।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও আইইডিসিআরের বিজ্ঞানীরা জানিয়েছেন, বাদুড় নিপার জীবাণু বহন করে। বাদুড় খেজুরের রস খেলে নিপার জীবাণু কাঁচা রসে যায়। সেই রস খেলে মানুষও নিপা ভাইরাসে আক্রান্ত হয়। মাহমুদুর রহমান বলেন, ‘এতে মৃত্যুহার অত্যন্ত বেশি। আক্রান্তদের ৭৮ শতাংশ মারা যায়।’আইইডিসিআর নিশ্চিত হয়েছে, বনশ্রীর পরিবারটির সদস্যরা কাঁচা খেজুরের রস খেয়েছিলেন ১১ জানুয়ারি। এই রস স্বজনেরা তাঁদের বাসায় এনেছিলেন ভালুকা থেকে। বাসার অন্তত আটজন সেই রস খেয়েছিলেন। শিশুটি মারা যায় ২২ জানুয়ারি।মাহমুদুর রহমান জানান, নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে প্রদাহ হয়। জ্বর ও কাশি দেখা দেয়। খিঁচুনি হয়। একপর্যায়ে শ্বাসকষ্টও দেখা দেয়। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। রস জ্বাল দিয়ে খাওয়া নিরাপদ। কাঁচা রস হাত দিয়ে ধরলে হাত সাবান দিয়ে ধোয়ার পরামর্শ দেন তাঁরা। আইইডিসিআর সূত্রে জানা গেছে, ২০০১ সালে এ দেশে প্রথম নিপা ভাইরাসে সংক্রমণের ঘটনা শনাক্ত করা হয়। এ পর্যন্ত ১৭৬ জন এতে আক্রান্ত হয়। এদের মধ্যে মারা যায় ১৩৬ জন।