এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত ছয়জনই মারা গেছে। মৃত্যুর হার শতভাগ। গত ১০ বছরে নয়বার নিপাহর প্রাদুর্ভাব দেখা গেছে। এতে গড় মৃত্যুহার ৭৮ শতাংশ। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, একমাত্র কাঁচা খেজুরের রস খাওয়া বন্ধ করলেই এ রোগ থেকে দূরে থাকা সম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচার সত্ত্বেও মানুষ শুনছে না। ভাঁড় ধরে রস খাচ্ছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বলেন, গত ১০ বছরে ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে নিপাহর প্রাদুর্ভাব দেখা গেছে। নওগাঁ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, লালমনিরহাট ও জয়পুরহাট জেলায় রোগটি দেখা যায়। এ বছর ছয়জনই আক্রান্ত হয়েছিল জয়পুরহাটে। গত বছর ২৪ জন আক্রান্ত হয় লালমনিরহাটে। এই দুই বছরই মৃত্যুর হার শতভাগ। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আইইডিসিআর, সিডিসি আটলান্টা ও আইসিডিডিআরবি যৌথভাবে বাংলাদেশে নিপাহ সংক্রমণ ও এর বিস্তারের বিষয়টি পর্যবেক্ষণ করছে। দেখা গেছে, একটা খেজুর গাছে ১৩২ বার পর্যন্ত বাদুড় আসে। তারা কাঁচা খেজুরের রসে মুখ দেয় ও মূত্র ত্যাগ করে। মূলত থেকেই নিপাহ ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে। এ ছাড়া আক্রান্ত রোগীর সংস্পর্শে ও নিপাহ ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির সৎকারে অংশগ্রহণকারীদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশে বর্তমানে মানুষ থেকে মানুষে সংক্রমণের হার বেড়েছে। আক্রান্ত ব্যক্তির জ্বরসহ মাথাব্যথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হওয়া ও কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। ব্রিফিংয়ে খেজুরের কাঁচা রস পান না করা, বাদুড় বা অন্যান্য পাখির আংশিক খাওয়া ফল না খাওয়া, রোগীকে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়া এবং রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হুমায়ুন কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ, অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক বে-নজীর আহমেদ প্রমুখ।