নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে গত এক মাসে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে।এর মধ্যে গত বৃহস্পতিবার পাবনার চাটমোহর উপজেলার এক পুরুষ (৪৩) ও শুক্রবার রাজশাহীতে এক নারীর (৩০) মৃত্যু হয়।চাটমোহরের বাসিন্দা ওই ব্যক্তির পরিবার ও প্রতিবেশীরা জানান, আট-দশ দিন আগে নিহত ওই ব্যক্তি, তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে খেজুরের রস পান করেন। পরদিন থেকেই ওই ব্যক্তির জ্বর হয়। জ্বরের প্রকোপ বাড়লে পরিবারের সদস্যরা গত বুধবার তাঁকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সজিবুর রহমান বলেন, ওই ব্যক্তি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। এ কারণে তাঁর রক্ত ও লালা পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাফল আসার আগেই তিনি মারা যান।আইইডিসিআর সূত্র জানিয়েছে, ওই ব্যক্তির রক্ত ও লালায় নিপাহ ভাইরাস পাওয়া গেছে।চিকিৎসক সজিবুর রহমান বলেন, নিপাহ ভাইরাসে মৃত্যুর খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামগুলোতে মাইকিং করে খেজুরের কাঁচা রস ও পাখির খাওয়া ফল খেতে নিষেধ করা হয়েছে।আট মাসের শিশু আক্রান্ত: নাটোরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক মায়ের মৃত্যুর পর তাঁর আট মাসের ছেলেও আক্রান্ত হয়েছে। গত শনিবার রাতে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই শিশুটির গ্রামের বাড়ি নাটোরের সদর উপজেলায়। শিশুটির মামা বলেন, তাঁর বোন খেজুরের রস পান করে অসুস্থ হয়ে পড়েন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ২২ জানুয়ারি বোনের মৃত্যু হয়। বোন অসুস্থ থাকা অবস্থায় তাঁর আট মাস বয়সী ছেলে বুকের দুধ পান করেছিল। এরপর সেও নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়।নাটোরের সিভিল সার্জন রফিকুল ইসলাম বলেন, ‘ঢাকায় পরীক্ষার পর আমরা নিশ্চিত হয়েছি যে শিশুটি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে পাঠিয়েছি।’আইইডিসিআর সূত্রে জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জানুয়ারি রাজবাড়ীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে, ওই ব্যক্তির বয়স ছিল ২৪ বছর। এরপর ১৭ জানুয়ারি ঝিনাইদহে ১১ বছরের ও গাইবান্ধার পলাশবাড়ীতে নয় বছরের শিশু মারা যায়। ২২ জানুয়ারি রাজধানীর বনশ্রী এলাকা ও নওগাঁর বদলগাছী উপজেলার আট বছরের দুই শিশু মারা যায়। একই তারিখে নাটোর সদরে ৩৫ বছর বয়সী একজন নারী মারা যান।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী; পাবনা অফিস ও নাটোর প্রতিনিধি]