নিপাহ ভাইরাসে আরও এক শিশু আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় নিপাহ ভাইরাসে শিশুসহ তিনজনের মৃত্যুর পর সবুজ হোসেন (১২) নামের আরও এক শিশু আক্রান্ত হয়েছে। এ কারণে জেলার স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সবুজ উপজেলার সদর ইউনিয়নের চকমোনসব গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সবুজের মা মর্জিনা বিবি জানান, গত ২৮ জানুয়ারি সকালে সবুজ খেজুরের রস পান করে। গত বুধবার সকাল থেকে সে জ্বরে আক্রান্ত হয়। সঙ্গে মাথা ব্যথাও রয়েছে। বৃহস্পতিবার সে তিন দফা বমি করে। শ্বাসকষ্টও অনুভব করছে। এসব লক্ষণ দেখে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা ধারণা করছেন, সবুজ নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে উপজেলার ১৪ ইউনিয়নে ৮ হাজার ১১১ খেজুরগাছ ও ৬৬৪ জন গাছির তালিকা তৈরি করা হয়েছে। এলাকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের সহায়তায় এ তালিকা প্রস্তুত করা হয়েছে। অবিলম্বে এসব গাছিকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালারও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এলাকায় লিফলেট ও মাইকে প্রচারণার মাধ্যমে সচেতনতার কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা পাড়ায় পাড়ায় ঘুরে নিপাহ ভাইরাসে আক্রান্তের সন্ধান করছেন।
গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার ভালাইন গ্রামের আপেল মাহমুদ (১১) ও কাওসার আলী (১৩) এবং বালুবাজার গ্রামের হাফিজুল ইসলাম (২৫) মারা যান।
নওগাঁর সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন জানান, জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সবাইকে নিজ নিজ কর্মস্থলে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।