নিপাহ ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি
বাংলাদেশে এ বছর নিপাহ ভাইরাসে কোনো মানুষ আক্রান্ত হয়নি। সরকারের গৃহীত কর্মসূচির কারণে এটা সম্ভব হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে সংক্রামক রোগ-বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) আবুল খায়ের মো. শামসুজ্জামান এসব কথা জানান।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ কর্মসূচি, গাজীপুর সিভিল সার্জন কার্যালয় এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এ ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করে।
আবুল খায়ের মো. শামসুজ্জামান বলেন, সরকারের গৃহীত কর্মসূচির কারণে দেশে কালাজ্বরের প্রকোপও ব্যাপক কমেছে। ২০০৫ সালে দেশে কালাজ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল ১০ হাজার। আর ২০১৫ সালে শনাক্ত হয় ৮১৫ জন।
অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান জানান, আগামী এপ্রিল মাস থেকে এই জেলায় ১০ বছর বয়সী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের জানানো হয়, গত বছর এই জেলায় কোনো জলাতঙ্ক রোগী শনাক্ত হয়নি। এই জেলাকে জলাতঙ্ক রোগমুক্ত জেলা বলা যেতে পারে।
মূল উপস্থাপনায় আবুল খায়ের মো. শামসুজ্জামান বলেন, ২০০৮ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৮৭ শতাংশের পরিপাকতন্ত্রে কৃমিতে আক্রান্ত হতে দেখা গেছে। কৃমিনাশক বড়ি খাওয়ানোর কারণে কৃমির প্রকোপ কমে গেছে। ২০১৫ সালে দেখা গেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৮ শতাংশ শিক্ষার্থী পরিপাকতন্ত্রের কৃমিতে আক্রান্ত। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলেও দেশে এখনো এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুর জেলার এবং সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ছাড়াও ঢাকা থেকে যাওয়া বিভিন্ন জাতীয় দৈনিক ও বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।